Advertisement
Us Bangla Airlines
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের ফাইনাল ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের ফাইনাল ম্যাচ

খেলা ডেস্ক

১২ আগস্ট ২০২৬, ২২:২৪

ত্রিদলীয় সিরিজে দাপুটে পারফরম্যান্সে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ইমার্জিং দল। চার ম্যাচের তিনটিতেই জয়। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষেও ছিল সাফল্য। শিরোপার লড়াইয়ে সেই দক্ষিণ আফ্রিকার সামনেই দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে বলই গড়াল না। শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় পরিত্যক্ত হলো ফাইনাল।

প্রিটোরিয়ায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ফাইনালটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা দেড়টায়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে টসও করা সম্ভব হয়নি। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ফলে শিরোপা জয়ের লড়াইয়ে নামার সুযোগই পেল না বাংলাদেশ ইমার্জিং দল। ফাইনাল খেলতে না পারার হতাশা অবশ্য লুকাতে পারেননি বাংলাদেশের অধিনায়ক জাকির হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে উন্নতি করছিলাম। ফাইনাল খেলতে মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হলো না।’

৫০ ওভারের এই ত্রিদলীয় সিরিজে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে খেলেছে ইউনিভার্সিটি স্পোর্ট অব সাউথ আফ্রিকা। ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশ দলের সামনে এখন রয়েছে নতুন চ্যালেঞ্জ। ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।