অস্ট্রেলিয়ার বাউন্স-সুইংয়ের পিচে চ্যালেঞ্জের মুখে মুশফিক
খেলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ২২:৪৬
বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট খেলে ফেলেছেন মুশফিকুর রহিম। অথচ অস্ট্রেলিয়ার মাটিতে এখনো টেস্ট খেলা হয়নি তাঁর। ক্যারিয়ারের এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলবেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে আনন্দের পাশাপাশি তার সামনে বড় চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জটা অবশ্য সহজ নয়। মুশফিক ফর্মে আছেন ঠিকই, কিন্তু সেনা (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর মাটিতে টেস্টে তাঁর রেকর্ড খুব একটা ভালো নয়। অজিদের মাটিতে খেলা হয়নি। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে খেলেছেন ১৪ টেস্ট। সেখানে তাঁর ব্যাটিং গড় ২১.৯২। অথচ ক্যারিয়ারে তাঁর গড় প্রায় ৩৯।
তিন দেশের কোনো একটিতেই ৩০ গড় করতে পারেননি মুশফিক। ইংল্যান্ডের মাটিতে ৬ ইনিংসে তাঁর গড় ১০.৩৩। দক্ষিণ আফ্রিকায় ১২ ইনিংসে ২২.৪১। নিউজিল্যান্ডে ১০ ইনিংসে ২৯.৮৭। তবে পরিসংখ্যানের সঙ্গে সময়টাও বিবেচনায় রাখতে হবে। এই তিন দেশে মুশফিকের বেশির ভাগ ইনিংসই এসেছে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে।
তখনকার মুশফিক আর এখনকার মুশফিকের মধ্যে পার্থক্য আছে। সময়ের সঙ্গে বেড়েছে অভিজ্ঞতা, পরিণত হয়েছে তাঁর ব্যাটিংও। তবুও সেনা দেশগুলোর কন্ডিশনে টেস্টে মুশফিক এখনো নিজের সেরা ব্যাটিং দেখাতে পারেননি। তাই অস্ট্রেলিয়ার বাউন্স ও সুইং সমৃদ্ধ কন্ডিশনে তার সামনে আলাদা চ্যালেঞ্জ থাকছেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য মুশফিকের সুখস্মৃতি আছে। অস্ট্রেলিয়ার মাটিতে না খেললেও বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছেন তিনি। সেই দুই ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৩৯। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইবেন মুশফিক।
এমআই