Advertisement
Us Bangla Airlines
হাসানের বোলিং দেখে মুগ্ধ ভারতীয় ধারাভাষ্যকার

হাসানের বোলিং দেখে মুগ্ধ ভারতীয় ধারাভাষ্যকার

খেলা ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ১৮:৫৩

ভারত, পাকিস্তানের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও স্বাগতিকদের বিপক্ষে ফাইফার পেয়েছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টের প্রথম দিনে তার দুর্দান্ত বোলিংয়ে ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। হাসানের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ডারউইন টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। আগে বোলিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দিন শেষে এক উইকেটে ৯৬ রান করেছে টাইগাররা। স্বাগতিকদের ১০ উইকেটের মধ্যে হাসান একাই নিয়েছেন ৬টি। তাসকিন ও এবাদত পেয়েছেন দুটি করে উইকেট।

হাসানের বোলিংয়ের সামনে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন অজি ব্যাটাররা। সুইং, সিম ও বাউন্স কাজে লাগিয়ে একের পর এক আঘাত হানেন এই পেসার। শেষ পর্যন্ত ৫৫ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন তিনি।

এর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষেও বল হাতে আলো ছড়িয়েছেন হাসান। এবার অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ফাইফার তুলে নিয়ে নিজের সামর্থ্যের আরও একবার জানান দিলেন এই পেসার। তার এমন পারফরম্যান্স নজর এড়ায়নি হার্শা ভোগলের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাসানের প্রশংসা করে হার্শা লিখেছেন, ‘ভারতে হাসান মাহমুদকে দেখার কথা মনে আছে আমার। তখনই ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানাকে ছাড়াই বাংলাদেশ নিজেদের যে গভীরতা দেখিয়ে এমন পারফর্ম করছে, তা অসাধারণ।’

অন্য এক পোস্টে ডারউইনে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের এই ধারাভাষ্যকার। তিনি লিখেছেন, ‘ডারউইনে ক্রিকেটের জন্য কী দুর্দান্ত এক দিন! বাংলাদেশের কাছ থেকে আরও বেশি সময় ধরে এমন খেলা দেখতে চাইবেন আপনি।’

বাংলাদেশের ক্রিকেটের প্রতি হার্শা ভোগলের সমর্থন নতুন কিছু নয়। বিশ্বের যেকোনো প্রান্তে টাইগাররা ভালো করলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করতে দেখা যায় তাকে। এবার হাসানের দুর্দান্ত বোলিংয়েও ব্যতিক্রম হয়নি।

এমআই