Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ায় ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান শামীম

অস্ট্রেলিয়ায় ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান শামীম

খেলা ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ২০:০৯

জাতীয় দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। এবার অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরার লক্ষ্য তার। অজিদের মাটিতে পা রাখার আগে গণমাধ্যমে এমনটাই জানিয়ে গেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যায়নি শামীমের। সবশেষ জিম্বাবুয়ে সফরের দলে জায়গা হারানোর আগে নিজের শেষ ১০ ইনিংসে করেছিলেন মাত্র ৭৭ রান। ফিনিশার হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারায় হারিয়েছেন নির্বাচকদের আস্থা।

টপ এন্ডে সেই আস্থা ফেরাতে চান শামীম। নিজের ভূমিকা নিয়েও পরিষ্কার তিনি, ‘আমার ভূমিকা হলো ফিনিশিং দেওয়া। ছয় নম্বরে খেলি, তাই আমার কাজ ম্যাচ শেষ করে আসা। দলকে জেতানোই আমার প্রধান কাজ।’

অস্ট্রেলিয়ায় আগেও খেলার অভিজ্ঞতা আছে শামীমের। ২০২৪ সালের টপ এন্ড টি-টোয়েন্টিতে আট ইনিংসে ১৮৬ রান করেছিলেন তিনি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করার প্রত্যাশা তার।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। লক্ষ্য অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’

এই সফরে এইচপি দলের মেন্টর হিসেবে থাকছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে কাজ করার সুযোগ নিয়েও আশাবাদী শামীম। জাতীয় দলে ফেরার পথটা অস্ট্রেলিয়াতেই মসৃণ করতে চান এই বাঁহাতি ব্যাটসম্যান।