মিরাজকে নিয়ে কেন এত প্রশ্ন, শেষ বলেই মিলল প্রমাণ
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৬:০৫
মেহেদী হাসান মিরাজকে নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। বিশেষ করে চাপের মুহূর্তে তার ব্যাটিং সিদ্ধান্ত নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। কখনো অযথা ঝুঁকি, কখনো স্ট্রাইক ধরে রাখার বদলে লোয়ারঅর্ডার ব্যাটারকে বিপদে ফেলা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনের শেষ বলটি যেন সেই পুরোনো প্রশ্নগুলোকেই আবার সামনে এনে দিল।
দিনের শেষ বল। মিরাজের জানার কথা, এই বলটি সামলে দিতে পারলেই তৃতীয় দিন আবার নতুন করে শুরু করতে পারবেন। বাংলাদেশ তখন ৬ উইকেট হারিয়ে চাপে, ক্রিজে তিনিই দলের শেষ স্বীকৃত ব্যাটার। অন্য প্রান্তে হাসান মাহমুদ। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। কিন্তু মিরাজ করলেন উল্টোটা।
লাফিয়ে ওঠা দিনের শেষ বলটিকে কাট করতে গেলেন তিনি। বল সোজা চলে যায় শর্ট পয়েন্টে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিনের হাতে। সহজ ক্যাচটি অবশ্য গ্রিন তালুবন্দী করতে পারেননি গ্রিন। তাতেই ৩২ রানে জীবন পান মিরাজ। কিন্তু ক্যাচটি ধরা পড়লে কী হতো? দিনের শেষ বলেই সপ্তম উইকেট হারিয়ে খাদের কিনারায় দাঁড়াতো বাংলাদেশ।
এখানেই শেষ নয়। হাসান মাহমুদের সঙ্গে ব্যাটিংয়ের সময়ও মিরাজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। লোয়ারঅর্ডারের ব্যাটারকে নিয়ে ব্যাট করার সময় ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরের পাঁচ বল হাসানকে খেলিয়েছেন তিনি। স্টার্ক, হ্যাজলউডদের নতুন বলের সামনে বারবার হাসানকে দাঁড় করানো হয়েছে।
অথচ মিরাজই ছিলেন বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার। এমন পরিস্থিতিতে স্ট্রাইক নিজের কাছে রাখার দায়িত্বটা কি মিরাজের ছিল না?

প্রশ্নটা আরও জোরালো হয়, যখন নতুন বলে অস্ট্রেলিয়ানরা ভয়ংকর হয়ে উঠেছিলেন। সেখানে বাংলাদেশ মাত্র ১১ রানে হারিয়েছে তিন উইকেট। ২৯৭ রানে ৩ উইকেট থেকে ৩০৮ রানে ৬ উইকেট। এমন অবস্থায় দলের স্বীকৃত ব্যাটারের কাজ শুধু নিজের উইকেট বাঁচানো নয়, সঙ্গী ব্যাটারকে যতটা সম্ভব চাপমুক্ত রাখাও।
কিন্তু মিরাজের ব্যাটিংয়ে সেই বুদ্ধিদীপ্ত দায়িত্বশীলতার ছাপ খুব একটা দেখা যায়নি। বরং নিজের উইকেট নিরাপদ রেখে হাসানকে বারবার আগুনের সামনে দাঁড় করিয়েছেন তিনি। অবশ্য শেষ পর্যন্ত ফলাফল মিরাজের পক্ষেই কথা বলছে। ৭৩ বলে ৩২ রানে অপরাজিত আছেন তিনি। কিন্তু স্কোরবোর্ড সব প্রশ্নের উত্তর দেয় না।
মিরাজের ৩২ রান হয়তো দলের কাজে এসেছে, কিন্তু কীভাবে সেই রান এসেছে এবং কোন পরিস্থিতিতে তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন, সেটিও গুরুত্বপূর্ণ। দিনের শেষ বলে পাওয়া জীবনটি তাই নিছক ক্যাচ মিসের ঘটনা নয়। এটি মিরাজের ব্যাটিং সিদ্ধান্ত নিয়ে চলমান প্রশ্নেরও আরেকটি উদাহরণ।
সমালোচনা হয়েছে আগেও। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও লোয়ারঅর্ডার ব্যাটারদের নিয়ে এমন ব্যাটিংয়ের কারণে সমালোচিত হয়েছেন। মিরাজের ক্ষেত্রেও প্রশ্নটা একই। তিনি কি শুধু নিজের উইকেট বাঁচিয়ে খেলবেন, নাকি দলের পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের দায়িত্বটাও নেবেন? দিনের শেষ বলে অবশ্য ইতিবাচক উত্তর মিলেনি।
এমআই