মাঠে বোলার কে, সেদিকে মনোযোগ নেই তামিমের
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৮:৫৮
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই সেঞ্চুরি। তাও আবার অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে। তবে তানজিদ হাসান তামিমের কাছে সাফল্যের রহস্য কোনো নির্দিষ্ট বোলারকে ঘিরে ছিল না। মাঠে বোলার কে, সেটি মাথায় না রেখে প্রতিটি বলের মেরিট বুঝেই ব্যাটিং করেছেন তিনি।
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে তানজিদ জানালেন নিজের ব্যাটিং পরিকল্পনার কথা। অস্ট্রেলিয়ার বোলারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বোলার দেখে খেলিনি, চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার।’
তানজিদের সেই পরিকল্পনাই কাজে দিয়েছে। দিনের শুরুতে প্রথম সেশনটা পার করাই ছিল বাংলাদেশের অন্যতম লক্ষ্য। অস্ট্রেলিয়ার বোলাররাও ভালো জায়গায় বল করছিলেন। বাড়তি কিছু না করে ধৈর্য ধরে খেলার পরিকল্পনায় সফল হয়েছেন তানজিদ।
দিন শেষে নিজের ইনিংস নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। পরিকল্পনা ছিল প্রথম সেশনটা কীভাবে পার করা যায়। ওরাও অনেক ভালো বোলিং করেছে। আমাদের চেষ্টা ছিল বাড়তি কিছু না করা। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’
প্রথম টেস্ট সেঞ্চুরির মুহূর্তটি আরও বিশেষ হয়ে উঠেছে তানজিদের কাছে। স্মরণীয় এই ইনিংস বাবা-মাকে উৎসর্গ করেছেন তিনি। ‘এটা অবশ্যই খুব ভালো লাগার মুহূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছে, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আজ সেটা সত্যিই অনুভব করেছি’-যোগ করেন তিনি।