লড়াই করে সিরিজ জিতল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৯:২৪
মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা সহজ ছিল না। ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেখান থেকে দুর্দান্ত লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে সিরিজই নিশ্চিত করল তারা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মালয়েশিয়াকে ৩ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন শেখ পারভেজ জীবন। বল হাতে আবারও দুর্দান্ত তিনি। ২৩ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। তার ফাইফারে ৩৮ ওভারে ১৭৬ রানে থামে মালয়েশিয়ার ইনিংস। রাহিন আহমেদ ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল মালয়েশিয়া। তাদের হয়ে একাই লড়েছেন আসলাম খান বিল মালিক। ১০৭ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। সাইফ উল্লাহ মালিক করেছেন ৪৯ বলে ২৫ রান। আর কোনো ব্যাটার ২০ রানের ঘরও ছুঁতে পারেননি।
১৭৭ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল অস্বস্তির। ইকবাল হোসেন ২৬ বলে ২৬ রান করলেও রিজান হোসেন ফেরেন ৩৪ বলে ৮ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপর্যায়ে ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় দলটি।
সেখান থেকেই শুরু হয় ঘুরে দাঁড়ানোর গল্প। দেবাশীষ সরকার ও আহরার আমিন পিয়ান মিলে ম্যাচের চিত্র পাল্টে দেন। দেবাশীষ মাত্র ৪১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্য প্রান্তে আহরার ছিলেন আরও ধৈর্যশীল। ৭৬ বলে ৫৭ রান করে দলকে জয়ের কাছে নিয়ে যান তিনি।
শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। একদিকে জীবনের দুর্দান্ত বোলিং, অন্যদিকে চাপের মুহূর্তে দেবাশীষ ও আহরারের ব্যাটিং, দুইয়ে মিলে কঠিন ম্যাচটিই নিজেদের করে নেয় বাংলাদেশ।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি এখন শুধুই ব্যবধান বাড়ানোর লড়াই। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।