সেপ্টেম্বরেই কেন বড় সম্পদ হবেন হাসান মাহমুদ?
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ২০:২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ কাউন্টি ক্লাব কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক। ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশি পেসারকে সেপ্টেম্বরে আবারও কেন্টের জার্সিতে দেখতে মুখিয়ে আছেন তিনি।
কুকের চোখে, কাউন্টিতে প্রথম দফাতেই বড় ছাপ ফেলেছেন হাসান। এবার সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলোতে এই পেসার কেন্টের জন্য আরও বড় সম্পদ হয়ে উঠবেন বলেই মনে করছেন তিনি। ‘আগামী সেপ্টেম্বরে হাসান মাহমুদকে আবার কেন্টে স্বাগত জানাতে পারলে দারুণ হবে,’ বলেছেন কুক।
ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান। ৬/৫৫ বোলিং ফিগারে অস্ট্রেলিয়ার ছয় ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে বড় সুবিধা এনে দেন ডানহাতি এই পেসার। টেস্ট ক্রিকেটে ইনিংসে এটিই তার সেরা বোলিং।
হাসানের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি কেন্টও। চলতি বছরের জুনে প্রথমবার কাউন্টি ক্রিকেটে ক্লাবটির হয়ে খেলতে যান তিনি। ছয়টি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য চুক্তি হলেও বাংলাদেশের আন্তর্জাতিক সূচির কারণে জুনে দুটি ম্যাচ খেলেই দেশে ফিরতে হয় তাকে।
তবে সেই স্বল্প সময়েই কেন্টের ওপর ছাপ ফেলেছেন হাসান। কুক বলেন, ‘ইংল্যান্ডে তার চুক্তির প্রথম পর্বে তিনি আমাদের ওপর বড় ধরনের ছাপ ফেলেছেন।’
সেপ্টেম্বরে মৌসুমের শেষ চারটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে আবার কেন্টে ফেরার কথা হাসানের। সেই সময় তাকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন কুক। তাই সরাসরিই বলেছেন, ‘সেপ্টেম্বরে তিনি আমাদের জন্য বড় সম্পদ হয়ে উঠবেন।’
এমআই