জয় নয়, শান্ত তবে কী নিয়ে চিন্তা করছেন?
খেলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১৯:০৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। তবু আপাতত ফল নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর চোখ এখন একেবারেই নির্দিষ্ট জায়গায়, সেশন ধরে পরিকল্পনা বাস্তবায়ন এবং অস্ট্রেলিয়ার বাকি ৬ উইকেট তুলে নেওয়া।
ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৬১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। চতুর্থ দিনে হাতে থাকা ৬ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকলেও এখনই জয় নিয়ে উচ্ছ্বাসে ভাসতে চান না শান্ত।
দিন শেষে বাংলাদেশ অধিনায়ক জানালেন, ম্যাচের শুরু থেকেই দলের পরিকল্পনা ছিল অন্তত পাঁচ দিন ক্রিকেট খেলা। সেই পরিকল্পনা অনুযায়ী গত দুই-তিন দিনে দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট তিনি।
শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’
বাংলাদেশের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে লোয়ার অর্ডারও। মেহেদী হাসান মিরাজের ফিফটির সঙ্গে তাসকিন, এবাদতদের ব্যাটিংয়ে অবদান বাংলাদেশকে ৪২৬ রানে পৌঁছে দেয়। শান্ত মনে করেন, লোয়ার অর্ডারের ব্যাটিংয়ে অবদান রাখার বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই কাজ করছেন।
শান্ত বলেন, ‘গত দুই-তিন বছর ধরে দলের মিডল ও লোয়ার অর্ডারকে ব্যাটিংয়ে অবদান রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিরই প্রতিফলন দেখা গেছে। বিশেষ করে বোলারদের ব্যাট হাতে পারফরম্যান্স দলের জন্য বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি।’
ফলাফল নিয়ে বাংলাদেশ দলপতি বলেন, ‘আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।’