আলোচনার আড়ালে থাকা মুমিনুলই বাংলাদেশের ভরসা
খেলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১৯:১৪
বাংলাদেশের ব্যাটিংয়ে আলো কেড়ে নিচ্ছেন একেকজন একেক সময়ে। কেউ সেঞ্চুরি করছেন, কেউ ব্যাট হাতে ঝড় তুলছেন, কেউ আবার বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। সেই আলোচনার ভিড়েই যেন একটু আড়ালে পড়ে যাচ্ছেন মুমিনুল হক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন তিনিই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টেও ফিফটির কাছাকাছি গিয়েছিলেন মুমিনুল। শেষ পর্যন্ত ৪৯ রানে থেমে যেতে হয়েছে তাঁকে। মাত্র এক রানের আক্ষেপ থাকলেও তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতার ছাপ স্পষ্ট। শেষ ১০ ইনিংসের আটটিতেই ৩০ বা তার বেশি রান করেছেন তিনি। এর মধ্যে ফিফটি ছয়টি।
এই ১০ ইনিংসে মুমিনুলের মোট রান ৫৫৩, ব্যাটিং গড় ৫৫.৩০। অর্থাৎ শেষ ১০ ইনিংসের ৬০ শতাংশেই অন্তত পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। তবে এত ভালো ধারাবাহিকতার মাঝেও একটি আক্ষেপ থেকেই যাচ্ছে। ছয়টি ফিফটির কোনোটিই সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। একবার ৯১ রানে এবং আরও দুবার আশির ঘরে থেমেছেন।
কিন্তু সেঞ্চুরির আক্ষেপের আড়ালে মুমিনুলের সবচেয়ে বড় অবদানটা যেন ঢাকা পড়ে যাচ্ছে। শুধু ব্যক্তিগত রান নয়, দলের ব্যাটিং বিপর্যয় সামলাতেও নিয়মিত ভূমিকা রাখছেন তিনি।
বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন আছে। ইনিংসের শুরুতেই উইকেট হারানো এবং টপঅর্ডার থেকে প্রত্যাশিত রান না পাওয়া অনেকটা নিয়মিত দৃশ্য। সেই পরিস্থিতিতে তিন নম্বরে নেমে মুমিনুলই বারবার সামলাচ্ছেন ধাক্কাটা। তাঁর ব্যাটে রান মানে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দলের ইনিংসকে একটু স্থির করার সুযোগও।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু টেস্টেই খেলেন মুমিনুল। একটা সময় নিয়মিত ম্যাচ খেলার সুযোগও পেতেন না। এখন টানা টেস্ট খেলার সুযোগ পাওয়ায় তাঁর ব্যাটিংয়ে সেই ছন্দের প্রতিফলন দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এসে স্টার্ক, হ্যাজলউডদের মতো পেসারদের সামলানোর প্রস্তুতিও কাজে লাগছে।
এমআই