‘বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়া খেলতে আসা উচিত’
খেলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১৯:২৮
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ দাপট দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম তিন দিনেই ব্যাটে-বলে স্বাগতিকদের চাপে ফেলে জয়ের সম্ভাবনা তৈরি করেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের এমন পারফরম্যান্স নজর এড়ায়নি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পিরও। বরং টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়া সফরের পক্ষে কথা বলেছেন তিনি।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর বাংলাদেশ নিজেদের ইনিংসে তুলেছে ৪২৬ রান। তাতে ২২৮ রানের বড় লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ এখনো ৬৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বেশ জোরালোভাবেই।
বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়া সফরের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করে গিলেস্পি বলেন, ‘ডারউইনে দুই টেস্টের মাঝে ২৩ বছরের ব্যবধান অনেক বেশি। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়া খেলতে আসা উচিত।’
বাংলাদেশের এই দাপুটে পারফরম্যান্সের মধ্যে গিলেস্পির সবচেয়ে বেশি ভালো লেগেছে পেস আক্রমণের গভীরতা। তাঁর মতে, বাংলাদেশের বোলিং এখন আর এক বা দুজন নির্ভর নয়। বরং বিভিন্ন সংস্করণের জন্য একাধিক পেসার তৈরি হওয়ায় দলটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
সংবাদমাধ্যমকে গিলেস্পি বলেন, ‘বর্তমান বাংলাদেশ দলের পেস আক্রমণের গভীরতা আছে। ওরা এখন আর একজন বা দুইজন বোলারের ওপর নির্ভরশীল নয়। সব সংস্করণের জন্য কোচিং স্টাফরা অনেকগুলো পেসার তৈরি করছে। পেস আক্রমণে এই গভীরতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।’
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সও আলাদাভাবে তুলে ধরেছেন গিলেস্পি। তিনি বলেন, ‘হাসানের কথা বলতেই হবে। ইবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও। এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে।’
‘শরীফুল পরের টেস্ট খেলতে পারবে। দলে যোগ দিচ্ছে। নাহিদ রানাকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে,’ বলেন গিলেস্পি।