Advertisement
Us Bangla Airlines
তানজিদকে বগুড়ার ছেলে বলায় প্রধানমন্ত্রীর কড়া জবাব

তানজিদকে বগুড়ার ছেলে বলায় প্রধানমন্ত্রীর কড়া জবাব

খেলা ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ১৪:৩৯

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সেই আনন্দের মুহূর্তে কিশোরগঞ্জের পথে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানও ভিডিও কলে যুক্ত হন বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে। ম্যাচ শেষে ক্রিকেটারদের অভিনন্দন জানান তিনি। সেই কথোপকথনেই বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সংক্ষিপ্ত সংলাপ পেয়েছে আলাদা মাত্রা।

বাংলাদেশের মানুষের পক্ষ থেকে দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ভিডিও কলে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন তিনি। ব্যস্ততার মধ্যেও ম্যাচ শেষ হওয়ার পরপরই ক্রিকেটারদের সঙ্গে যুক্ত হয়ে তাদের অভিনন্দন জানান সরকারপ্রধান।

এ সময় ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তানজিদ হাসানের প্রসঙ্গ আসতেই তামিম বলেন, ‘ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে।’

তানজিদের সঙ্গে তার নিজের বাড়ির জেলার মিলের প্রসঙ্গ ধরেই কথাটি বলেছিলেন তামিম। কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে সংশোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও পুরো বাংলাদেশের। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’

ছোট্ট এই কথোপকথনেই যেন উঠে আসে জাতীয় দলের ক্রিকেটারদের পরিচয়ের বড় সত্যটি। জন্মস্থান বা নিজ জেলার পরিচয়ের ঊর্ধ্বে তারা যখন বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন, তখন তাদের পরিচয় একটাই, তারা পুরো বাংলাদেশের প্রতিনিধি।

এমআই