অস্ট্রেলিয়াকে হারানোর দিনে মিরাজের সেঞ্চুরি!
খেলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ১৭:৪৭
সুবিধাটা পাওয়ার কথা ছিল পেসারদের। সকালের উইকেটেও সেই প্রত্যাশাই ছিল। কিন্তু ডারউইনে ঘটল উল্টোটা। হাসানের পরিবর্তে সকালের কন্ডিশনের সবচেয়ে ভালো ব্যবহার করলেন মেহেদী হাসান মিরাজ। তবে শুধু উইকেটের সুবিধা বললে মিরাজের কৃতিত্বটাই খাটো করা হবে। নিজের বুদ্ধি, নিয়ন্ত্রণ আর ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছেন এই অফস্পিনার।
প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা বোলার তিনিই। চতুর্থ দিনের প্রথম সেশনেই তুলেছেন তিন উইকেট। এরপর নাথান লায়নকে লেগবিফোরের ফাঁদে ফেলে নিয়েছেন ফাইফারও। তাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন মিরাজ। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। বর্তমানে তার উইকেট সংখ্যা ১০১।
উইকেটের সেঞ্চুরি করতে মিরাজ এক ইনিংসে চার উইকেট পেয়েছেন সাতবার, পাঁচ উইকেট চারবার। প্রতি উইকেটের জন্য গড়ে ৭০ বল করেছেন তিনি। তবে মিরাজের এই সেঞ্চুরির পথটা একেবারেই একার নয়। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি করেছেন তাইজুল। এই দুই স্পিনার ছাড়া বাংলাদেশের আর কোনো বোলার এখনও ৫০ উইকেটের মাইলফলকও ছুঁতে পারেননি।
মিরাজের পর বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি উইকেট হাসান ও তাসকিনের। দুজনই ১১ ও ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ৪১টি করে উইকেট। এরপর আছেন নাহিদ রানা, ১০ ম্যাচে যার শিকার ৩৫ উইকেট। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিনে তাই মিরাজের অর্জনটাও আলাদা করে আলো কেড়েছে।
এমআই