Advertisement
Us Bangla Airlines
ওয়াসিম আকরামের পাশে হাসান মাহমুদ

ওয়াসিম আকরামের পাশে হাসান মাহমুদ

খেলা ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ২০:০৫

ডারউইনে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এনে দেওয়ার পথে বল হাতে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। এমন দুর্দান্ত বোলিং পারফরম্যান্সই শুধু বাংলাদেশকে বড় জয় এনে দেয়নি, জায়গা করে দিয়েছে কিংবদন্তি ওয়াসিম আকরামদের নিয়ে গড়া এক অভিজাত তালিকায়।

অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই ৯ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী এই বাংলাদেশি পেসার। তাতেই অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক বা প্রথম টেস্টে কোনো সফরকারী বোলারের সেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন হাসান।

এই তালিকায় সবার ওপরে আছেন সাবেক ইংলিশ পেসার মরিস টেট। ১৯২৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৯০ সালে একই কীর্তি গড়েন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও। এবার ৯ উইকেট নিয়ে তাদের পরেই জায়গা করে নিলেন হাসান মাহমুদ।

ডারউইন টেস্টে হাসানের দাপট শুরু হয় প্রথম ইনিংস থেকেই। তার ৬ উইকেটের দুর্দান্ত স্পেলে মাত্র ১৯৮ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে বড় লিড পায় তানজিদ হাসান তামিমের ১০১ রানের সেঞ্চুরিতে।

দ্বিতীয় ইনিংসে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। তার পাঁচ উইকেটের সঙ্গে হাসানের ধারালো বোলিংয়ে দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য পাওয়া সহজ লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় বাংলাদেশ।