স্মিথের স্লেজিংয়ে সাহসী লিটন
খেলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ১৬:৫৯
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় শুধু ফলাফলের কারণেই স্মরণীয় হয়ে থাকবে না। ম্যাচজুড়ে টাইগারদের আগ্রাসী মানসিকতার জন্যও আলাদা করে মনে রাখবে ক্রিকেটবিশ্ব। ডারউইন টেস্টে স্টিভ স্মিথ ও লিটন দাসের ছোট্ট কথার লড়াই যেন সেই দৃঢ়তারই প্রতিচ্ছবি।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল লেগ সাইডে খেলে দেওয়া হয়। ব্যাটে হালকা স্পর্শ লেগেছে মনে করে ক্যাচটি নেন লিটন। বাংলাদেশি খেলোয়াড়রা উদ্যাপন শুরু করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি।
রিভিউ নেওয়া হবে কি না, বাংলাদেশ তখন সেটি নিয়ে আলোচনা করছিল। সেই মুহূর্তে স্মিথ এগিয়ে আসেন কথার লড়াইয়ে। স্টাম্প মাইকে ধরা পড়ে তাঁর কণ্ঠ। রিভিউ নিতে রীতিমতো বাংলাদেশকে রীতিমতো উসকে দিচ্ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার। বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ নেয়নি।
এরপরই স্মিথকে উদ্দেশ করে লিটনের জবাব, ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ। দুজনের মধ্যে কয়েক দফা কথোপকথনও হয়। স্মিথ নিজের অবস্থানে অনড় থাকলেও লিটনও পিছু হটেননি। উইকেটের পেছনে দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় জবাব দিয়ে যান বাংলাদেশের এই উইকেটকিপার।
ম্যাচের উত্তেজনার মধ্যে সেই মুহূর্তটি পরে আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে কথার লড়াইয়ের আসল জবাব মিলেছে মাঠেই। ৪৪ রান করে শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান স্মিথ। তাঁর উইকেট বাংলাদেশের জয়ের পথ আরও পরিষ্কার করে দেয়।
ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান মনে করেন, ওই ঘটনাটি বাংলাদেশের মানসিকতার একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নেমেছিল।