Advertisement
Us Bangla Airlines
‘নাহিদ এখানে পুরোনো বলে ভালো করতো’

‘নাহিদ এখানে পুরোনো বলে ভালো করতো’

খেলা ডেস্ক

১৭ আগস্ট ২০২৬, ১৭:৩৮

বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্বটা এখন তাসকিন আহমেদের কাঁধে। মাশরাফি বিন মুর্তজার বিদায়ের পর দলে নিজের জায়গা পাকাপোক্ত করে পেস ইউনিটের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই ডানহাতি। সতীর্থদের শক্তি-দুর্বলতাও তাঁর অজানা নয়। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পরও নাহিদ রানার অভাব বেশ করে অনুভব করেছেন তাসকিন।

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলতে পারেননি বাংলাদেশের এই গতিময় পেসার। তাঁর না থাকাটা যে দলের জন্য বড় ধাক্কা, সেটি সিরিজের আগে একাধিকবার বলেছেন কোচ ও অধিনায়ক। ডারউইনের উইকেটে খেলার পর এবার তাসকিনও জানালেন, নাহিদ থাকলে এই কন্ডিশনে বাংলাদেশ আরও বড় সুবিধা পেতে পারত।

বিশেষ করে বল পুরোনো হয়ে যাওয়ার পর নাহিদের বোলিংকে কাজে লাগানো যেত বলে মনে করেন তাসকিন। নরম হয়ে যাওয়া বলে রিভার্স সুইং করানোর যে দক্ষতা নাহিদের আছে, ডারউইনে সেটি কার্যকর হতে পারত বলে তাঁর বিশ্বাস। গত পাকিস্তান সিরিজে রিজওয়ানকে আউট করে সেই দক্ষতাও দেখিয়েছেন।

নাহিদের কথা বলতে গিয়ে তাসকিন বোলিংয়ের ভঙ্গি করে বলেন, ‘এই উইকেটে (ডারউইনে) পুরোনো বলে নাহিদ ভালো করত। ওর জন্য ভালো হতো।’

নাহিদের অভাব থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পেসাররা যে ঘাটতি বুঝতে দেননি, সেটিই এই জয়ের বড় গল্প। হাসান মাহমুদ, তাসকিন ও এবাদত হোসেন মিলে দুই ইনিংসে নিয়েছেন ১৪ উইকেট।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১০ উইকেটই গেছে বাংলাদেশের পেসারদের দখলে। দ্বিতীয় ইনিংসেও এসেছে আরও ৪ উইকেট। অর্থাৎ অস্ট্রেলিয়ার পতন হওয়া ২০ উইকেটের ১৪টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা।

এমআই