অস্ট্রেলিয়াকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তোলপাড় টাইগারদের
খেলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১৬:২৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় তুলেছে বাংলাদেশ। সেই জয়ের পর এবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও বড়সড় পরিবর্তন বাংলাদেশের ক্রিকেটারদের। ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি হয়েছে বেশ কয়েকজনের। সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান। ৮৪ ধাপ এগিয়েছেন তিনি। বোলিংয়ে হাসান মাহমুদের উন্নতি ২৬ ধাপ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উঠেছেন ক্যারিয়ারের সেরা অবস্থানে। নয় বছরের টেস্ট ক্যারিয়ারে ৪৩ ম্যাচ খেলেছেন শান্ত। এর মধ্যে করেছেন ৯টি সেঞ্চুরি। এতদিন শীর্ষ বিশের বাইরে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান এবার প্রথমবারের মতো ঢুকে পড়েছেন সেই তালিকায়।
ডারউন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে অবশ্য তাকে ব্যাটিংয়ে নামতেই হয়নি। সেই পারফরম্যান্সের সুবাদে নয় ধাপ এগিয়ে এখন ২০ নম্বরে বাংলাদেশের অধিনায়ক। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার ক্যারিয়ারের সেরা অবস্থান।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরেক বড় প্রাপ্তি তানজিদ হাসান। ডারউন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এই তরুণ এই ওপেনার। সেই ইনিংসের পুরস্কার পেয়েছেন র্যাঙ্কিংয়েও। এক লাফে ৮৪ ধাপ এগিয়ে তানজিদ এখন ৮৮ নম্বরে। মাত্র দুই টেস্ট খেলেই এমন উন্নতি নিঃসন্দেহে বড় অর্জন।
প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩০ রান করে পাঁচ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। এখন ৩১ নম্বরে আছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সাদমান ইসলামও পেয়েছেন উন্নতির স্বাদ। ডারউনে দুই ইনিংসে ২০ ও অপরাজিত ২৫ রান করা ওপেনার এগিয়েছেন তিন ধাপ। তার অবস্থান এখন ৫৮ নম্বরে।
সাদমানের ঠিক পরেই আছেন মেহেদী হাসান মিরাজ। ডারউন টেস্টে ৬৫ রানের দারুণ লড়াকু ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন এই অলরাউন্ডার। তবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন দাস। ডারউন টেস্টে একমাত্র ইনিংসে শূন্য রানে ফেরার পর পাঁচ ধাপ নেমে গেছেন তিনি। এখন ২৮ নম্বরে আছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ধরে রেখেছেন মুশফিকুর রহিম। ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেছিলেন তিনি। একমাত্র ইনিংসে ৩৬ রান করে আউট হলেও র্যাঙ্কিংয়ে তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৩৯ বছর বয়সী মুশফিক আছেন ১৮ নম্বরে।
বোলিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় চমক হাসান মাহমুদ। ডারউনে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। সেই দুর্দান্ত পারফরম্যান্সের পর এক লাফে ২৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন হাসান। রেটিং পয়েন্টেও ক্যারিয়ার সেরা স্পর্শ করেছেন বাংলাদেশের এই পেসার।
দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে মিরাজও এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। তিন ধাপ উন্নতি করে এখন ২৪ নম্বরে আছেন তিনি। মিরাজের স্পিন-সঙ্গী তাইজুল ইসলাম ডারউইন টেস্টে পেয়েছেন মাত্র একটি উইকেট। তবু র্যাঙ্কিংয়ে তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১১ নম্বর জায়গা ধরে রেখেছেন তাইজুল।
ম্যাচে তিন উইকেট পাওয়া তাসকিন আহমেদও এক ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ৪৯ নম্বর। এই সিরিজে না থাকা নাহিদ রানা এক ধাপ পিছিয়ে নেমেছেন ৬০ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য মিরাজের অবস্থান অপরিবর্তিত। তিন নম্বরেই আছেন তিনি। তবে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩২০। যৌথভাবে তিন নম্বরে থাকা মিচেল স্টার্ক নেমে গেছেন চারে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৪৪৬।
এমআই