Advertisement
Us Bangla Airlines
‘আমি খুব খারাপ খেলিনি’—গণমাধ্যমে সাইফউদ্দিন

‘আমি খুব খারাপ খেলিনি’—গণমাধ্যমে সাইফউদ্দিন

খেলা ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ২১:২৭

জাতীয় দলের সাদা বলের ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই। তবু থেমে নেই মোহাম্মদ সাইফউদ্দিনের প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার। তবে তার চোখ শুধু আসন্ন সফরে নয়, আরও বড় মঞ্চে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই নিজেকে তৈরি করছেন সাইফউদ্দিন।

মিরপুর একাডেমি মাঠে বুধবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। জাতীয় দলের সাদা বলের ক্রিকেটারদের সঙ্গে কোচ ও সাবেক পেসার নাজমুলের অধীনে কাজ করছেন সাইফউদ্দিন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে মানিয়ে নেওয়া যায়, তা নিয়েও চলছে আলোচনা।

সাইফউদ্দিন বলেন, ‘আমরা যারা সাদা বলের খেলোয়াড় আছি, একসঙ্গে নাজমুল ভাই (বোলিং কোচ) আছেন আমাদের সঙ্গে। উনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করছি এবং কাজ করছি। ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, সেটাও আলোচনা করেছি। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হবে। তাই আনুষঙ্গিক সব বিষয় মিলিয়ে আলোচনা করছি।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন উপমহাদেশের ক্রিকেটারদের জন্য বরাবরই চ্যালেঞ্জিং। সাইফউদ্দিনের জন্য তাই ‘এ’ দলের সফরটি হয়ে উঠতে পারে বিশ্বকাপের আগাম প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ। তার আগে চার দিনের ম্যাচের দল দক্ষিণ আফ্রিকা যাবে। তাদের অভিজ্ঞতা ও কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ কাজে লাগাতে চান এই অলরাউন্ডার।

ওয়ানডে দলে সাইফউদ্দিন নিয়মিত মুখ নন। লম্বা সময় পর গেল জিম্বাবুয়ে সিরিজে জায়গা পেয়েছেন। সুযোগ পেয়ে কাজেও লাগিয়েছেন তিনি। তবে আগামীতে ওয়ানডে দলে থাকা হবে কি না, তা নিয়ে থাকছে শঙ্কা। তবুও ২০২৭ বিশ্বকাপ খেলতে চান এই পেস বোলিং অলরাউন্ডার।

সাইফউদ্দিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সহজ হবে না। যেহেতু আমাদের ইমার্জিং দল সেখানে খেলছে এবং চার দিনের ম্যাচের দল আগে যাবে, তাই কন্ডিশন দেখে নিজেকে প্রস্তুত করার সময় পাব। যদি আমার সাম্প্রতিক ম্যাচগুলো দেখেন, আমি খুব একটা খারাপ করিনি। তবে ভালো খেলার তো বিকল্প নেই।’

এমআই