ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, সঙ্গী দুই দল কারা?
খেলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ২২:৪৯
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই নতুন সিরিজের গল্প পাকিস্তানের। তবে এবার সাদা পোশাকে নয়, লড়াই হবে ওয়ানডেতে। অক্টোবরের শেষ দিকে ঘরের মাঠে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
ইংল্যান্ড সফর শেষ করেই ব্যস্ত সূচিতে ঢুকে পড়বে পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কাও এর আগে পাকিস্তান সফরে যাবে। ফলে দুই দলের সফর একসঙ্গে গড়াবে ত্রিদেশীয় সিরিজে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নামবে পাকিস্তান। অক্টোবরের প্রথম সপ্তাহে পাকিস্তানে যাবে লঙ্কানরা। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ৯, ১১ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তিনটি ম্যাচের ভেন্যুই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।
শ্রীলঙ্কা পাকিস্তানে থাকতেই সেখানে যোগ দেবে ইংল্যান্ড। ১৮ অক্টোবর পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এরপর ২০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
তিন দলের এই সিরিজে গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা প্রত্যেকেই খেলবে চারটি করে ম্যাচ। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে ফাইনালে।
সিরিজের ফাইনাল হবে ৩১ অক্টোবর। প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ফাইনালসহ বাকি ম্যাচগুলোর ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।