অস্ট্রেলিয়া দল থেকে বাদ, বুকে টেনে নিল ইংল্যান্ড
খেলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ১৯:২৩
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পর অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন জেক ওয়েদারল্ড। তবে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার হতাশার মাঝেই নতুন সুযোগের হাতছানি পেলেন বাঁহাতি ওপেনার। আগামী মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাকে দলে টেনেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ওয়ারউইকশায়ার।
গত অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন ওয়েদারল্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় এক দশক কাটানোর পর টেস্টের মঞ্চে সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। সিরিজের ১০ ইনিংসে ব্যাট করে পেয়েছেন মাত্র একটি ফিফটি।
তারপরও নতুন মৌসুমের শুরুতে নির্বাচকদের আস্থা ছিল এই বাঁহাতি ওপেনারের ওপর। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি। দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৩ ও ০ রান। এরপরই ম্যাকাই টেস্টের দল থেকে বাদ পড়েন ওয়েদারল্ড।
জাতীয় দলে ফেরার পথ আপাতত কঠিন হলেও হারিয়ে যাচ্ছে না তার সুযোগ। বরং আগামী বছরের অ্যাশেজের আগে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চই পেয়ে গেলেন তিনি। ২০২৭ মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।
চলতি মৌসুমের শুরুতে লেস্টারশায়ারের হয়ে কাউন্টিতে অবশ্য দারুণ ছন্দে ছিলেন ওয়েদারল্ড। ৯ ইনিংসে ৪৩৭ রান করেছেন ৬০.৩৭ গড়ে। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতাই এবার নতুন দলের হয়ে ধরে রাখতে চাইবেন তিনি।
চলতি মৌসুমে ওয়েডারল্ডের পাশাপাশি ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বাউ ওয়েবস্টার। বাংলাদেশের বিপক্ষে এই অলরাউন্ডারের অবস্থাও নাজুক। ব্যাটে-বলে কোথাও পারফর্ম করতে পারেননি তিনি। তবুও আগামী মৌসুমেও তাকে দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এমআই