Advertisement
Us Bangla Airlines
এখন কেমন আছেন চোট পাওয়া মুশফিক-তামিম?

এখন কেমন আছেন চোট পাওয়া মুশফিক-তামিম?

খেলা ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ১৩:০৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশ শিবিরে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মুশফিক ও তামিমের চোট। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন দুজনের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা থাকলেও আপাতত কিছুটা স্বস্তির খবর দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার ম্যাকাইয়ে শেষ দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার অনুশীলনে চোট পেয়েছিলেন তামিম ও মুশফিক। তামিমের আঙুলের চোট নিয়ে আজ সকালে করা হয়েছে স্ক্যান। তবে স্ক্যানের পরই ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেছে এই ওপেনারকে।

মুশফিকের অবস্থাও ভালো বলে জানিয়েছেন শান্ত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাই ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি কালকে সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারব।’ তামিমের খেলা নিয়ে এখনো অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শেষ মুহূর্ত পর্যন্ত তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে জানিয়ে শান্ত বলেন, ‘আইডিয়া তো হয়েছেই। কালকে সকালে আবার দেখব। ভালো আইডিয়া হয়েছে। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে।’

তবে তামিম খেলতে না পারলেও দল খুব বেশি সমস্যায় পড়বে না বলে মনে করেন শান্ত। দলের হাতে বিকল্প পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ তামিম না খেললে)।’

এমআই