Advertisement
Us Bangla Airlines
তাইজুল কি বাদ, ফিরবেন শরিফুল—একাদশ নিয়ে শান্তর ইঙ্গিত

তাইজুল কি বাদ, ফিরবেন শরিফুল—একাদশ নিয়ে শান্তর ইঙ্গিত

খেলা ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ১৫:১১

ডারউইনে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। এবার সামনে ম্যাকাইয়ের চ্যালেঞ্জ। শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশের একাদশ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে তাইজুল ইসলাম একাদশে থাকবেন কি না, শরিফুল ইসলাম ফিরবেন কি না, তা নিয়ে চলছে আলোচনা।

ম্যাকাইয়ের উইকেট দেখে অবশ্য পেস নির্ভর একাদশের সম্ভাবনাই উঁকি দিচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পাঁচ পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামার জন্য দলের সবাই প্রস্তুত বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে, সবাই রেডি আছে (ম্যাচ খেলতে)। ইতিবাচক দিক হচ্ছে দুইজন স্পিনার আছে, যেকোনো কন্ডিশনে ভালো বল করে।’

তাঁর এই বক্তব্যে একাদশে পেসারদের আধিক্যের ইঙ্গিত মিলেছে। ফলে ডারউইন টেস্টে খেলা স্পিনার তাইজুল ইসলামকে রেখে দেওয়া হবে, নাকি একজন পেসার বাড়িয়ে শরিফুল ইসলামকে ফেরানো হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

ডারউইনে পাওয়া জয় অবশ্য বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। শান্ত বলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’

ডারউইনের জয়কে এখন অতীত হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি আরও বলেন, ‘ওটা (ডারউইনের জয়) এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি, এগুলো আলাপ হয়েছে। আশা করি প্লেয়াররা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’

ম্যাকাইয়ের আবহাওয়াও ডারউইনের তুলনায় ভিন্ন। এখানে ঠান্ডা বেশি, সঙ্গে বাতাসও প্রবল। আর সেই বাতাসকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের বোলাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছেন শান্ত।

তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু ভিন্ন। সেখান (ডারউইন) থেকে একটু ভিন্ন আছে, এখানে একটু বেশি ঠাণ্ডা, বাতাসও একটু বেশি। আমার মনে হয় দুই দিনে অনুশীলন করে প্লেয়াররা ভালো আইডিয়া পেয়েছে, ফলে প্রস্তুতি ভালো হয়েছে। বাতাস কাজে লাগাতে পারলে বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে।’