কেমন হচ্ছে দ্বিতীয় টেস্টের উইকেট, সুবিধা-অসুবিধা কোথায়?
খেলা ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১৯:০৯
ডারউইনের পর এবার ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শনিবার সকাল ৬টায় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। এই মাঠে এবারই প্রথমবারের মতো টেস্ট হতে যাচ্ছে। তাই উইকেটের আচরণ কেমন হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই দুই দলের আগ্রহ তুঙ্গে।
দীর্ঘ সংস্করণের ক্রিকেটে এই ভেন্যুর অভিজ্ঞতাও খুব বেশি নয়। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এখন পর্যন্ত হয়েছে মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ। ফলে টেস্টে উইকেটের চরিত্র ঠিক কেমন হবে, সে বিষয়ে নিশ্চিত ধারণা পাওয়ার মতো পর্যাপ্ত তথ্য নেই।
তবে ম্যাকাইয়ের পিচ কিউরেটর কাজাকফের কথায় মিলেছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ‘ম্যাচের পরের দিকে স্পিনাররা ভালো করেছে। ওই প্রথম শ্রেণির ম্যাচগুলো বছরের একটু পরের দিকে হয়েছিল, যখন আবহাওয়া কিছুটা উষ্ণ ছিল। তবে বছরের এই সময়ে অনেক বেশি ঠান্ডা আছে। ফলে উইকেটের আর্দ্রতা তুলনামূলক ধীরে বের হবে।’
ম্যাচের শুরুতে পেসারদের জন্য বাড়তি সহায়তা থাকার সম্ভাবনাই বেশি। এর সঙ্গে যোগ হবে ম্যাকাইয়ের বাতাস। সমুদ্রের কাছাকাছি হওয়ায় দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা শক্তিশালী বাতাস নতুন বলে বোলারদের বাড়তি সুবিধা দিতে পারে। বাতাস ঠিকভাবে কাজে লাগাতে পারলে সুইং ও সিম মুভমেন্ট দুটোই পাওয়া সম্ভব।
তবে ম্যাকাইয়ের উইকেট যে পুরো ম্যাচজুড়েই শুধু পেসারদের স্বর্গ হবে, এমন নিশ্চয়তা নেই। প্রথম শ্রেণির ম্যাচগুলোর অভিজ্ঞতা বলছে, সময় গড়ানোর সঙ্গে স্পিনাররাও ম্যাচে প্রভাব ফেলতে পারেন। ফলে ম্যাচের পরের দিকে উইকেটের আচরণ বদলে গেলে স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির জায়গা পেস আক্রমণ। ডারউইনে প্রথম টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছিলেন পেসাররা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১০ উইকেটই নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। দুই ইনিংস মিলিয়ে তাঁদের শিকার ছিল ১৪ উইকেট। ম্যাচসেরা হাসান মাহমুদ একাই নিয়েছিলেন ৯ উইকেট।
ডারউইনে হাসানের সঙ্গে পেস আক্রমণে ছিলেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। চোট কাটিয়ে শরীফুল ইসলামও ফিট হয়ে উঠেছেন। ফলে ম্যাকাইয়ের উইকেট পেসারদের জন্য সহায়ক হলে চার পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের।
তবে যে উইকেট বাংলাদেশের পেসারদের জন্য সুখবর, সেটিই আবার ব্যাটারদের জন্য দুশ্চিন্তার কারণ। বিশেষ করে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো পেসাররা নতুন বলে বাড়তি সুবিধা পেলে বাংলাদেশের ব্যাটারদের শুরুটা কঠিন হতে পারে। টস জিতে আগে কী সিদ্ধান্ত নেয় দুই দল, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এমআই