আফগান সিরিজের সূচি বদল, তাহলে কি ঢাকায় আসছে ভারত?
খেলা ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১৯:৪০
ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আফগানিস্তান সিরিজ ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশে খেলতে আসার সুযোগ পাবে ভারত। তবে ঢাকায় গিলদের আসা এখনো নিশ্চিত নয়।
বর্তমান সূচি অনুযায়ী ভারত ও আফগানিস্তানের তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। তবে নতুন প্রস্তাবে ম্যাচগুলো ১১, ১৩ ও ১৪ সেপ্টেম্বর আয়োজনের কথা বলা হয়েছে। এ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূচি এগিয়ে এলে ভারতের জন্য একটি ফাঁকা সময় তৈরি হবে। সেই সময়টাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য। কারণ সেপ্টেম্বরের প্রথম ভাগে বাংলাদেশের বিপক্ষে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনা চললেও সফরটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
তবে বিষয়টি এত সহজও নয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বর্তমান সূচি ইতোমধ্যে ভারতীয় বোর্ডের অনুমোদন পেয়েছে এবং ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর দিল্লিতে সিরিজ আয়োজনের কথা নিশ্চিত করা হয়েছে। ফলে এখন আফগানিস্তান সিরিজ এগিয়ে আনা গেলেই যে বাংলাদেশ সফরের পথ খুলে যাবে, এমন নিশ্চয়তা নেই।
বাংলাদেশ সফরের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত সরকারের অনুমতি। দুই দেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরকারের মতামত নিতে হচ্ছে। অর্থাৎ আফগানিস্তান সিরিজের সূচি বদলালেও, সেটিই ঢাকায় আসার একমাত্র শর্ত নয়।
বোর্ডের সিদ্ধান্তের পাশাপাশি সরকারি অনুমতিও গুরুত্বপূর্ণ। তবু আফগানিস্তানের প্রস্তাব নতুন করে আশার আলো দেখাচ্ছে। কারণ সূচি এগিয়ে আনতে পারলে ভারতের সেপ্টেম্বরের ব্যস্ত সূচিতে বাংলাদেশের জন্য একটি জায়গা তৈরি হতে পারে। বাকিটা নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সর্ম্পকের ওপর।
এমআই