Advertisement
Us Bangla Airlines
সাকিবের দক্ষতার প্রশংসায় দুই ইংলিশ ক্রিকেটার

সাকিবের দক্ষতার প্রশংসায় দুই ইংলিশ ক্রিকেটার

খেলা ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ২০:০১

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের দুই তারকা স্টুয়ার্ট ব্রড ও জস বাটলার। আগ্রাসী ক্রিকেটারদের নিয়ে আলোচনার একপর্যায়ে সাকিবের নাম উঠে আসে ব্রডের কণ্ঠে। এরপর বাংলাদেশের সাবেক অধিনায়কের দক্ষতা ও বোলিংয়ের বৈচিত্র্যের প্রশংসা করেন দুজনই।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে ব্রড বলেন, ‘সে (সাকিব) খুবই আগ্রাসী মেজাজের খেলোয়াড়, সবসময় লড়াই করতে প্রস্তুত... (ডিপিএলে) স্টাম্প উপড়ে ফেলার ঘটনার জন্য তাকে তো একটা ডিমেরিট পয়েন্টও দেওয়া উচিত!’

সাকিবের আগ্রাসী মানসিকতার প্রসঙ্গ টানার কারণও আছে। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলার সময় আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্টাম্প উপড়ে ফেলার ঘটনা ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনাও মনে রেখেছেন ব্রড।

আলোচনায় এরপর আসে সাকিবকে আন্ডাররেটেড বলা যায় কি না, সেই প্রসঙ্গ। তবে ইংল্যান্ডের সাবেক পেসার মনে করেন, সাকিবকে কোনোভাবেই কম মূল্যায়িত করার সুযোগ নেই।

ব্রড বলেন, ‘সে কি আন্ডাররেটেড? না, আমার তা মনে হয় না। কারণ বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সবসময়ই মনে হতো, এই ছেলেটা সত্যিই দারুণ খেলতে পারে। তাই তাকে আন্ডাররেটেড বলব না। ৩১ গড়ে ২৫৩টি উইকেট, সত্যিই বেশ চমৎকার পরিসংখ্যান।’

ব্রডের কথার সঙ্গে সুর মিলিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জস বাটলারও। বিশেষ করে সাকিবের বোলিংয়ের বৈচিত্র্য তাকে কতটা কঠিন প্রতিপক্ষ বানাত, সেটিই তুলে ধরেছেন তিনি। সাকিবের বোলিং সামলানো যে ব্যাটারদের জন্য কতটা কঠিন ছিল, সেটিও স্পষ্ট করেছেন বাটলার।

তিনি বলেন, ‘সাকিব যখন বল ডেলিভারি দিত, যে বলটা স্পিন করবে ভাবতাম, দেখা যেত সেটা সোজা এসে সোজা পায়ে গিয়ে আঘাত করছে। আবার যে বলটা সোজা আসবে মনে করতেন, সেটাই স্পিন করে বের হয়ে যেত। তার বোলিংয়ের মুখোমুখি হওয়া সত্যিই মারাত্মক কঠিন ছিল, অসাধারণ স্কিল ছিল তার।

এমআই