Advertisement
Us Bangla Airlines
৫ বছরের ক্যারিয়ারে এমন বোলিং আগে করেননি শরিফুল

৫ বছরের ক্যারিয়ারে এমন বোলিং আগে করেননি শরিফুল

খেলা ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ১৩:৩৪

অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য ম্যাকাই টেস্ট যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছে। বাংলাদেশের পেসারদের তোপে একের পর এক উইকেট হারাচ্ছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে হাসান পেসারদের নেতৃত্ব দিলেও দ্বিতীয় ম্যাচে সেই কাজটা করছেন শরিফুল ইসলাম। চোট থেকে ফিরে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন এই বাঁহাতি পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮ রানে ৩ উইকেট। এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে তার সেরা ছিল ৫৬ রানে ৫ উইকেট। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন তিনি। মাত্র ৮.৫ ওভারে ৫ উইকেট পূর্ণ করে ইতোমধ্যে শিকার করেছেন ৬ উইকেট।

টেস্ট ক্রিকেটে এটাই শরিফুলের প্রথম ফাইফার। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে দ্রুততম ৫ উইকেট শিকারের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে শীর্ষস্থানটি এখনো তাইজুলর দখলে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাত্র ৬.৫ ওভারেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। একই কীর্তি গড়তে শরিফুলের লেগেছে আরও দুই ওভার।

অস্ট্রেলিয়ার মাটিতেও নতুন কীর্তি গড়েছেন শরিফুল। বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে সেখানে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার স্বাদ পেলেন তিনি। এর আগে সিরিজের প্রথম টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ফাইফার পেয়েছিলেন হাসান মাহমুদ। সেবার তিনি শিকার করেছিলেন ৬ উইকেট।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই এখন শরিফুলের শিকার। ২০২১ সালের এপ্রিলে টেস্ট অভিষেকের পর প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে এর আগে এমন বিধ্বংসী বোলিংয়ের দেখা পাননি বাংলাদেশের এই দীর্ঘদেহী বোলার। চোটের কারণে একসময় জায়গা হারিয়েছিলেন, এবার ফিরেই গড়লেন রেকর্ড।

এমআই