৫ উইকেট পেয়েও কেন খুশি হতে পারেননি শরিফুল
খেলা ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ১৬:১৭
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসে ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছিলেন শরিফুল ইসলাম। এবার অস্ট্রেলিয়ার মাটিতে, ম্যাকাইয়ে এসেও দেখালেন সেই আগুন। টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করেছেন বাঁহাতি এই পেসার। তবে ক্যারিয়ারের প্রথম ফাইফার কিংবা ৬ উইকেট, কিছুই যেন পুরোপুরি আনন্দ দিতে পারছে না তাকে। কারণ ব্যক্তিগত সাফল্যের চেয়ে শরিফুলের কাছে বড় হয়ে উঠেছে দলের জয়।
প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ১৬৫ রানের বেশি এগোতে দেননি বাংলাদেশের বোলাররা। এর পেছনে সবচেয়ে বড় অবদান শরিফুলের। ১১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ছয়টিই গেছে তার শিকার।
ম্যাচ শেষে টেস্টে প্রথমবার ৫ উইকেট পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে শরিফুল বলেন, ‘অনুভূতি অবশ্যই ভালো। প্রথমত, ধন্যবাদ জানাই আল্লাহকে। গতবার যেটা পেয়েছিলাম, ওটাও ভালো লেগেছিল। সত্যি আরও ভালো লাগত, যদি ম্যাচটা জিততাম। ৫ উইকেট পেয়েছি বলে আমি এখনই খুব খুশি নই। যদি ম্যাচ জিতি, তবে অনেক খুশি হব।’
শরিফুলের আগে একই ইনিংসে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্কও। দুজনের বোলিংয়েই বড় ভূমিকা রেখেছে ম্যাকাইয়ের কন্ডিশন। নতুন বলে দীর্ঘ সময় সুইং পেয়েছেন দুই দলের পেসাররা। শরিফুলও জানিয়েছেন, স্টার্কের বোলিং দেখেই উইকেটের আচরণ বোঝার চেষ্টা করেছেন।
‘আপনারা খেলা দেখেছেন। নতুন বলে সব সময় সুইং করছিল, প্রায় ২০-২৫ ওভার পর্যন্ত। ওরা সেই সুবিধা কাজে লাগিয়েছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে সব সময় ফাস্ট বোলাররা ভালো করে। স্টার্ক অনেক দিন ধরে খেলছেন এবং ভালো করছিলেন। আমি দেখছিলাম কোন লেংথে বল করলে বোলারদের জন্য সুবিধা পাওয়া যায়।’
এক দিনেই পড়ে গেছে ১৮ উইকেট। শেষ হয়ে গেছে প্রায় দুই ইনিংস। তবু ম্যাচ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার লিড ১০১ রান। শরিফুলের বিশ্বাস, দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে।
‘ইনশা আল্লাহ, এখনো তো খেলা শেষ হয়নি। কেবল প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটি খারাপ দিন গেছে। তবে তারাও তাদের কন্ডিশনে অনেক সংগ্রাম করছে। দেখা যাক কী হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’