৫৮ বল হাতে রেখেই সহজ জয় পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ১৭:৫২
অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের মারারা ওভালে নেপাল ‘এ’ দলকে ৯ উইকেটে হারিয়েছে তারা। বল হাতে রহস্যময় স্পিনার রুবেলের ঘূর্ণিতে নেপালকে মাত্র ৯৯ রানে আটকে দেওয়ার পর জিসান আলমের আগ্রাসী ফিফটিতে ৫৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
নেপালের ব্যাটিং ইনিংসের শুরু থেকেই ছিল বাংলাদেশের বোলারদের দাপট। প্রথম ওভারেই ত্রিত রাজ দাসকে ৬ রানে ফিরিয়ে দেন রোহানাত দৌল্লাহ বর্ষণ। পরের ওভারে নেপালের অধিনায়ক আনিল শাহকে শূন্য রানে সাজঘরে ফেরান রুবেল। তৃতীয় ওভারে পাওয়ান সারাফকে ফিরিয়ে নেপালের ওপর চাপ আরও বাড়িয়ে দেন রিপন মণ্ডল।
মাত্র ৯ রানেই ৩ উইকেট হারানো নেপাল এরপর আরও বড় ধাক্কা খায় রুবেলের স্পিনে। চতুর্থ ওভারে কুশল মাল্লা ও লোকেশ বামকে ফিরিয়ে এক ওভারেই জোড়া আঘাত করেন এই রহস্য স্পিনার। মাত্র ১৩ রানেই ৫ উইকেট হারিয়ে কার্যত ধসে পড়ে নেপালের ইনিংস।
এক প্রান্ত আগলে অবশ্য লড়াই চালিয়ে যান কুশল ভুর্তেল। শাহাব আলমকে সঙ্গে নিয়ে ৩২ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা করেন তিনি। তবে সামিউন বশিরের বলে শাহাব ২৩ বলে ১১ রান করে বোল্ড হলে ভেঙে যায় সেই জুটি। একই ওভারে রানআউট হন নারায়ান জোসি।
এরপর লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে স্কোরটা বাড়ানোর চেষ্টা করেন ভুর্তেল। শেষ পর্যন্ত তাকেও ফিরিয়ে নিজের চতুর্থ শিকার পূর্ণ করেন রুবেল। ৪০ বলে ৪৬ রান করেন নেপালের এই ওপেনার। ১৬তম ওভারে রুবেলের বলে ছক্কা হাঁকিয়ে প্রতিরোধের বার্তা দিয়েছিলেন ভুর্তেল, পরের বলেই অবশ্য তাকে বোল্ড করে জবাব দেন রুবেল।
চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিলেন রুবেল। শেষ তিন ওভারে নেপাল কোনো বাউন্ডারিই পায়নি। শেষ ওভারে মাত্র ৪ রান দেন শামীম হোসেন। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রানেই থামে নেপালের ইনিংস।
সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ। প্রথম ওভারেই আসে ২১ রান। জিসান আলম সেই ওভারের শেষ তিন বলে হাঁকান একটি চার ও টানা দুটি ছক্কা। এর মধ্যে একটি ছক্কাকে ধারাভাষ্যকার আসরের এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কা বলেও উল্লেখ করেন।
তবে দ্রুতই বিদায় নেন হাবিবুর রহমান সোহান। এরপর আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে জয়ের ভিত গড়ে দেন জিসান। একের পর এক আক্রমণাত্মক শটে এগিয়ে যেতে থাকেন এই ওপেনার। শেষ পর্যন্ত শাহাব আলমকে স্লগ সুইপে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন তিনি।
২৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন জিসান। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা। আরিফুল ইসলাম অপরাজিত থাকেন ২৭ বলে ৩৪ রানে। ফলে ৫৮ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় বাংলাদেশ এইচপি দল। রোববার হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এমআই