Advertisement
Us Bangla Airlines
৬৫ রানের কমে টেস্টে কতবার আউট হয়েছে বাংলাদেশ?

৬৫ রানের কমে টেস্টে কতবার আউট হয়েছে বাংলাদেশ?

খেলা ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ১৮:১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের নতুন এক অধ্যায় লিখেছে বাংলাদেশ। শনিবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

শুরু থেকেই অস্ট্রেলিয়ার পেসারদের তোপে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। মাত্র ৯ রানেই হারায় ৩ উইকেট। এরপর ধস আরও ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৯ রান।

তখন মনে হচ্ছিল, নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় আবারও পড়তে যাচ্ছে বাংলাদেশ। তবে শেষ উইকেট জুটিতে ২৫ রান যোগ করে সেই লজ্জা থেকে রক্ষা দেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত ৬৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এই ব্যাটিং ধসের মূল কারিগর মিচেল স্টার্ক। টেস্টের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বিপর্যয়ের শুরু করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। এরপর প্রথম পাঁচ ওভারের মধ্যেই পূর্ণ করেন ৫ উইকেট। ১০ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। 

৬৪ রানে অলআউট হয়ে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহের তালিকায় অবশ্য নতুন কোনো রেকর্ড হয়নি। এর আগে আরও তিনবার ৬৫ রানের নিচে অলআউট হয়েছে টাইগাররা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৩ রান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই লজ্জার রেকর্ড গড়েছিল।

এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ৫৩ রানে এবং ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৬২ রানে অলআউট হয়েছিল তারা। অর্থাৎ, ম্যাকাইয়ে ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর টেস্টে ৬৫ রানের কমে বাংলাদেশ অলআউট হলো চতুর্থবার।

টেস্টে ৬৫ রানের কমে অলআউট

রান | প্রতিপক্ষ | ভেন্যু | বছর
৪৩ | ওয়েস্ট ইন্ডিজ | নর্থ সাউন্ড | ২০১৮
৫৩ | দক্ষিণ আফ্রিকা | ডারবান | ২০২২
৬২ | শ্রীলঙ্কা | কলম্বো | ২০০৭
৬৪ | অস্ট্রেলিয়া | ম্যাকাই | ২০২৬

এমআই