‘খেলা এখনো শেষ হয়নি’—কোন প্রসঙ্গে বললেন শরিফুল?
খেলা ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ১৮:৫৮
৩৯ রানে ৯ উইকেট। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন যেন ভেসে উঠছিল সর্বনাশের বার্তা। ম্যাকাইয়ে শনিবার অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে একের পর এক উইকেট হারাচ্ছিল বাংলাদেশ। টেস্টে নিজেদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৩ রানের শঙ্কাও তখন উঁকি দিচ্ছিল।
কিন্তু শেষ উইকেট জুটিতে দাঁড়িয়ে গেলেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। ৩৫ বলে দুজনের ২৫ রানের লড়াকু জুটিতে বাংলাদেশ পৌঁছে যায় ৬৪ রানে। তাতে লজ্জার নতুন রেকর্ড থেকে বেঁচে গেলেও সাদা পোশাকে নিজেদের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
বাংলাদেশের ৬৪ রানের ইনিংসে স্বাভাবিকভাবেই উল্লাসে মেতেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দিনের শেষটা তাদের জন্যও স্বস্তির হয়নি। স্টার্কের আগুনের জবাব যেন আরও তীব্র আগুনেই দিয়েছেন শরিফুল। বল হাতে একাই নিয়েছেন ৬ উইকেট। তার তোপে অস্ট্রেলিয়াও ৮ উইকেটে ১৬৫ রানে থেমে গেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই আত্মবিশ্বাসের কথাই জানিয়ে শরিফুল বলেন, ‘এখনো তো খেলা শেষ হয়নি, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমাদের ব্যাটিং আজ খারাপ গেছে। কিন্তু তারাও কিন্তু তাদের কন্ডিশনে ভালো অবস্থানে নেই। দেখা যাক, দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’
৬৪ রানে অলআউট হওয়ার পরেও ড্রেসিংরুম থেকে দলের সবাইকে একই বার্তা দেওয়া হয়েছিল, ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি। সেই বিশ্বাসই প্রথম দিন শেষে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে লড়াইয়ে। শরিফুল জানান, ‘ড্রেসিংরুমে এই বার্তা ছিল যে এখনো খেলা শেষ হয়নি। আমাদেরও সুযোগ আছে ফিরে আসার।’