৭ উইকেট নিয়ে ৫ রেকর্ডে নাম লেখালেন শরিফুল
খেলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১২:৪৩
ম্যাকাইয়ে বাংলাদেশের ব্যাটিং যখন একের পর এক উইকেট হারিয়ে ধসে পড়েছে, তখন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একাই আতঙ্ক ছড়িয়েছেন শরিফুল ইসলাম। ইনিংস ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেও বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল মুখ এই বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের ৭টিই নিয়েছেন তিনি। সেই সঙ্গে একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন শরিফুল।
প্রথম পেসার হিসেবে ৭ উইকেট
টেস্টে এক ইনিংসে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম পেসার এখন শরিফুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রান খরচ করে ৭ উইকেট নিয়েছেন তিনি। সব বোলার মিলিয়ে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় শরিফুলের অবস্থান তৃতীয়। ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
ভাঙলো ১৮ বছরের পুরোনো রেকর্ড
শরিফুলের আগে বাংলাদেশের পেসারদের মধ্যে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল শাহাদাত হোসেনের। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাকাইয়ে ৪৮ রানে ৭ উইকেট নিয়ে সেই রেকর্ড পেরিয়ে গেলেন শরিফুল। অর্থাৎ প্রায় ১৮ বছর পর বাংলাদেশের কোনো পেসার টেস্টের এক ইনিংসে ৬ উইকেটের গণ্ডি পেরোলেন। বাঁহাতি এই পেসারের প্রাপ্তি ৭ উইকেট।
বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা
বিদেশের মাটিতে টেস্টের এক ইনিংসে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও এখন শরিফুলের দখলে। এর আগে এই রেকর্ড ছিল তাইজুল ইসলামের। চলতি বছরের জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। তবে সেই কীর্তি গড়তে ১৩৮ রান খরচ করতে হয়েছিল তাইজুলকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুল ৪৮ রানেই তুলে নিয়েছেন ৭ উইকেট। রান খরচের হিসাবে তাই এগিয়ে শরিফুল।
৭ উইকেট নেওয়া পঞ্চম বোলার
টেস্টে এক ইনিংসে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম বোলারও হলেন শরিফুল। তার আগে এই কীর্তি ছিল শুধু স্পিনারদের দখলে। তাইজুল ইসলাম তিনবার এক ইনিংসে ৭ বা তার বেশি উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান, এনামুল হক জুনিয়র ও মেহেদী হাসান মিরাজও এই তালিকায় আছেন। এবার তাদের সঙ্গে যোগ হলো শরিফুলের নাম।
১৪৩ বছর পর বাঁহাতি পেসারের কীর্তি
সবচেয়ে বড় রেকর্ডটি হয়তো এখানেই। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট নেওয়া বাঁহাতি পেসার ছিলেন সর্বশেষ ১৪৩ বছর আগে। দীর্ঘ অপেক্ষার পর সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন শরিফুল। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল ইংল্যান্ডের দুই বাঁহাতি পেসার টম এমেট (১৮৭৯ সালে ৬৮ রানে ৭ উইকেট) ও রিচার্ড বার্লোর (১৮৮৩ সালে ৪০ রানে ৭ উইকেট)।
এমআই