Advertisement
Us Bangla Airlines
শরিফুলের বোলিং নিয়ে প্রশংসা করলেন অজি তারকা

শরিফুলের বোলিং নিয়ে প্রশংসা করলেন অজি তারকা

খেলা ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৬:২৮

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি শরিফুল। দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিয়ে সুযোগ পান একাদশে। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের সাতটিই এসেছে তার হাত ধরে। এমন বোলিং প্রতিপক্ষের অধিনায়ক প্যাট কামিন্সকেও মুগ্ধ করেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই পেসারের প্রশংসা করতে গিয়ে কামিন্স বলেন, ‘হ্যাঁ, শরিফুল অনেক ভালো বল করেছে। কিছু রানও করেছে। দারুণ সুইং করিয়েছে। বাতাসও ছিল এখানে। সব মিলিয়ে দারুণ ছিল তার বোলিং।’ ম্যাকাইয়ের কন্ডিশনও শরিফুলের বোলিংকে বাড়তি সুবিধা দিয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

বাংলাদেশের ব্যাটিং নিয়েও কথা বলেছেন কামিন্স। তিনি বলেন, ‘আসলে আপনি যখন রান পাচ্ছেন, তখন আপনার স্টাইল, মেথড এসব নিয়ে সচেতন থাকতে হবে। আগের সপ্তাহের কথা বলতে গেলে, বাংলাদেশ তাদের টেম্পার অনুযায়ী না খেলে কিছুটা স্লো খেলেছে। অনেক বেশি ধৈর্যশীল ছিল।’

তিনি আরও বলেন, ‘সবসময় মারতেই হবে এমন নয়। কন্ডিশন মাঝেমধ্যে আপনার চরম পরীক্ষা নেবে। ব্যাটাররা অনেক সময় মেরে রান বের করার বা স্ট্রাইক রোটেট করার সুযোগ নিতে চায়। তখন মার্জিন অব এরর অনেক ছোট হয়ে যায়। মিস করার সুযোগও বেশি থাকে তখন।’

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং নিয়েও সন্তুষ্ট কামিন্স। তিনি আরও বলেন, ‘বেশ ভালো বোলিং হয়েছে আজকে। ভালো ব্যাটিং উইকেট, তবে ফাস্ট এবং বাউন্সি ছিল অনেকটাই। যেটা তাদের হোম কন্ডিশনের চেয়ে ভিন্ন। ফলে দুই কারণই, বাজে শট এবং উইকেট, এখানে কাজ করেছে সম্ভবত।’