সাব্বিরের ঝোড়ো ফিফটিতে হোবার্টকে হারাল বাংলাদেশ
খেলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১৭:৩০
ফিরতে চান জাতীয় দলে। সেই প্রত্যাবর্তনের বার্তাটা মাঠেই দিয়ে চলেছেন সাব্বির রহমান। মালয়েশিয়ার বিপক্ষে ফেরাটা ভালো হয়নি। টপ এন্ড টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচেও নামার সুযোগ হয়নি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই করেছেন ফিফটি। তার ঝোড়ো ব্যাটিংয়ে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।
ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ এইচপি। হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম দ্রুত ফিরে যান। জিসান আলম ও অধিনায়ক ইরফান শুক্কুরও ইনিংস বড় করতে পারেননি। তখনই চার নম্বরে নেমে ম্যাচের রং বদলে দেন সাব্বির।
হোবার্টের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন এই অভিজ্ঞ ব্যাটার। চার-ছক্কার ঝড়ে মুহূর্তেই পাল্টে দেন ম্যাচের গতিপথ। মাত্র ৩৬ বলে পূর্ণ করেন অর্ধশতক। ফিফটির পথে হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রানের দারুণ ইনিংস খেলে থামেন সাব্বির। তার ব্যাটে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা।
সাব্বিরের বিদায়ের পরও জয়ের পথ হারায়নি বাংলাদেশ। শামীম ২৪ বলে ১৬ রান করে ফিরলেও এসএম মেহরব ১৪ বলে ১৩ রান করেন। এরপর আব্দুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনি মিলে দলের হাল ধরেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারেই ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।

এর আগে টস জিতে হোবার্টকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতেই অস্ট্রেলিয়ান দলটিকে ধাক্কা দেন আবু হায়দার রনি ও মোহাম্মদ রুবেল। প্রথম ওভারে জ্যাক ডোরানকে ফেরান রনি। পরের ওভারে নিভেথান রাধাকৃষ্ণণকে সাজঘরে পাঠান রুবেল।
এরপর ব্র্যাডলি হোপ ও টিগুই ওয়াইলি মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন আব্দুল গাফফার সাকলাইন। ১৭ বলে ২২ রান করে হোপ ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন ওয়াইলি।
শেষ পর্যন্ত ৫৩ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। ওয়াইলির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট।
বাংলাদেশ এইচপির হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল। তিনি নেন তিন উইকেট। রিপন মণ্ডল শিকার করেন দুটি। আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট।
এমআই