Advertisement
Us Bangla Airlines
ভুল শটে নিজের বিপদ বাড়াচ্ছেন সোহান

ভুল শটে নিজের বিপদ বাড়াচ্ছেন সোহান

খেলা ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ১৪:১০

পড়াশোনায় ভালো করতে শুধু ঘণ্টার পর ঘণ্টা বইয়ের সামনে বসে থাকলেই হয় না। আসল বিষয় হলো, কতটা বুঝে পড়ছেন। ব্যাকরণ মুখস্থ করা কিংবা গণিতের সূত্র মনে রাখার চেয়ে জরুরি হলো সেগুলোর ভিত্তি কতটা পরিষ্কার। কারণ বেসিক দুর্বল থাকলে পরিশ্রম যতই হোক, সাফল্য ধরা দেয় না। ক্রিকেটেও ব্যাপারটা একই। পেশাদার পর্যায়ে প্রতিভা কিংবা বড় শট খেলার সামর্থ্য থাকলেই টিকে থাকা যায় না।

ব্যাটিংয়ের বেসিক ঠিক না থাকলে এক-দুই ম্যাচে ঝলক দেখানো সম্ভব, কিন্তু ধারাবাহিক হওয়া কঠিন। সঠিক স্ট্যান্স, ব্যাটের নিয়ন্ত্রণ, ফুটওয়ার্ক, বলের লাইন-লেন্থ বুঝে শট নির্বাচন এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, ব্যাটিংয়ের ভিত্তি গড়ে ওঠে এসবের ওপর। এসবে পিছিয়ে থাকলে একজন ক্রিকেটারের লম্বা ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা বেশ কঠিন।

হাবিবুর রহমান সোহান আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও আছে তার। কিন্তু আক্রমণাত্মক ব্যাটিংয়ের আড়ালে তার টেকনিক নিয়ে প্রশ্নটা পুরোনো। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সেটিই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। তিন ম্যাচে তিনবারই ব্যর্থ হয়েছেন তিনি। ভিক্টোরিয়ার বিপক্ষে আজ ফিরেছেন শূন্য রানে।

ইনিংসের তৃতীয় বলেই ঘটল বিপদ। ব্যাক অব লেন্থ থেকে উঠে আসা বলটি ঠিকভাবে পড়তে পারেননি সোহান। বলের বাউন্স বুঝে পা এগিয়ে নেওয়ার বদলে জায়গায় দাঁড়িয়েই বড় শট খেলার চেষ্টা। ফোর্থ স্টাম্প লাইনের বল লং অনের দিকে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উঠে গেল আকাশে। উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা কিপারের জন্য সেটি হয়ে গেল সহজ ক্যাচ।

এখানেই প্রশ্নটা আসে, এমন বলে কি ওই শটই খেলতে হতো? বলটি বুঝে সোহান চাইলে পা ব্যবহার করে কাভারের ওপর দিয়ে খেলতে পারতেন। পয়েন্ট অঞ্চলও ছিল সম্ভাব্য একটি বিকল্প। কিন্তু শট নির্বাচনে যেন আগে থেকেই ঠিক করা ছিল কিছু একটা মারতেই হবে। বল কীভাবে আসছে, কোথায় পড়ছে, ফিল্ডার কোথায় আছে, এসবের হিসাব যেন তখন ব্যাটিং থেকে উধাও।

সমস্যাটা শুধু আজকের নয়। সোহানের ব্যাটিংয়ে এমন দৃশ্য বারবার ফিরে আসে। মাঝে মধ্যে ঝড় তোলা ইনিংস আসে, বড় শট আসে, দর্শকদেরও উচ্ছ্বাসে ভাসান তিনি। কিন্তু ধারাবাহিকতার জায়গায় এসে থমকে যেতে হয়। কারণ প্রতিপক্ষ যখন তার আক্রমণের ধরন বুঝে ফেলে, তখন ভুল শটই হয়ে ওঠে তার সবচেয়ে বড় দুর্বলতা।

আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা ধরে রাখতে শুধু বড় শট জানলেই হয় না। কখন আক্রমণ করতে হবে, কোন বল ছেড়ে দিতে হবে, কখন পা ব্যবহার করতে হবে, কখন ডিফেন্স করতে হবে, এসবও জানতে হয়। সবচেয়ে বড় কথা, বলের সঙ্গে শরীর ও ব্যাটের সমন্বয়টা ঠিক রাখতে হয়।

সোহানের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন তার ব্যাটিংয়ের ভিত্তি নিয়ে। সেই ভিত্তি যদি ঠিক না হয়, তাহলে ঘরোয়া ক্রিকেটে কিংবা টি-টোয়েন্টির ছোট পরিসরে দু-একটি ঝলক দেখিয়ে হয়তো নজর কাড়া যাবে, কিন্তু জাতীয় দলের দরজা পেরিয়ে নিয়মিত জায়গা করে নেওয়া কঠিন। ফলে সোহানকে বড় শট নয়, বেসিক ঠিক করতে হবে।

এমআই