শামীমের ফিফটিতে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
খেলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১৪:৫১
দলের জয়ের জন্য দরকার ছিল মাত্র ২ রান। শামীম পাটোয়ারীর সামনে সমীকরণ আরও রোমাঞ্চকর, ফিফটি পূরণ করতে চাই ছক্কা। অ্যানলিজার্কের বাউন্সারটি ছেড়ে দিলেন তিনি। স্লটে পড়া পরের বলের লোভনীয় সুযোগটি হাতছাড়া করেননি শামীম। মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরে ছক্কায় পূর্ণ করলেন নিজের ফিফটি। একই সঙ্গে নিশ্চিত করলেন বাংলাদেশের টানা তৃতীয় জয়।
ডারউইনে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে আগে বোলিং করে প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ এইচপি। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে ১৯.১ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ান দলটি। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন এলপিএলে আলো ছড়ানো অধিনায়ক স্যাম হারপার। জাতীয় দলে খেলা সাদারল্যান্ডের ব্যাট থেকে আসে ৩০ রান।
জবাবে ছোট লক্ষ্য তাড়ায় নেমেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান এবারও ব্যর্থ, রান না করেই ফিরেছেন তিনি। টানা তিন ম্যাচে তার ব্যাটে রান নেই। এরপর জিসান ও আরিফুলও ইনিংস বড় করতে পারেননি। তারা যথাক্রমে ১১ ও ১৫ রান করেছেন। আগের ম্যাচে ফিফটি করা সাব্বিরও এবার থামেন মাত্র ৫ রানে। ১৪ বল খেলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
একপর্যায়ে ৩৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ম্যাচের গতিপথ বদলে দেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী। শুরুতে সাবধানী ছিলেন দুজনই। উইকেটে থিতু হওয়ার পর ধীরে ধীরে হাত খুলেছেন, বাড়িয়েছেন শটের পরিধি।
তাদের জুটি ভাঙে ইরফান শুক্কুরের বিদায়ে। ৩২ বলে ৪৩ রান করে ফিরলেও কাজটা অনেকটাই এগিয়ে দিয়ে যান টাইগার অধিনায়ক। এরপর জয়ের বাকি পথটা পাড়ি দেন শামীম। ৩৩ বলে অপরাজিত ৫১ রানের দারুণ ইনিংসে একদিকে পূর্ণ করেন ফিফটি, অন্যদিকে দলকে এনে দেন টানা তৃতীয় জয়।
এর আগে বল হাতে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দ্বিতীয় ওভারেই প্রথম আঘাত হানেন মোহাম্মদ রুবেল। পরের উইকেটটিও আসে তার হাত ধরে। অন্য প্রান্তে রাকিবুল হাসানও ছিলেন সমান কার্যকর। এক ওভারে জোড়া শিকারসহ প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত হানেন বাংলাদেশের দুই স্পিনার।
রুবেলের রহস্যময় স্পিন সামলাতে পারেনি ভিক্টোরিয়ার ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। রাকিবুলও কম যাননি। ৪ ওভারে ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। সাকলাইন ও রিপন মন্ডল নেন একটি করে উইকেট।
এমআই