ভারতের জয় রুখে দেওয়া কে এই সোনাল দিনুশা
খেলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ১৮:৩৫
জয়টা তখন ভারতের হাতের মুঠোয়। শ্রীলঙ্কার শেষ চার উইকেট তুলে নিতে শুবমান গিলের দলের হাতে ছিল পুরো দিন। কিন্তু ৮১.২ ওভার চেষ্টা করেও সেই চার উইকেট নিতে পারেনি ভারত। কারণ, এক প্রান্ত আগলে দাঁড়িয়ে ছিলেন সোনাল দিনুশা। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার একাই ভারতের জয় রুখে দিয়েছেন।
গল টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৮৪। কলম্বোয় প্রথম ইনিংসে ১০৩, আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩। অর্থাৎ ভারতের বিপক্ষে চার ইনিংসেই পঞ্চাশের বেশি রানসহ মোট ৪২০ করেছেন দিনুশা। ব্যাট হাতে এত ধারাবাহিক এই ক্রিকেটারের পরিচয় জানতে উৎসুক ক্রিকেট পাড়া।
কে এই সোনাল দিনুশা?
২০০০ সালের ৪ ডিসেম্বর কলম্বোয় জন্ম সোনাল দিনুশার। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি তিনি করেন বাঁহাতি অর্থোডক্স স্পিন। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে শ্রীলঙ্কার ক্রিকেটে উঠে আসা এই ক্রিকেটার স্কুল পর্যায় থেকেই নিজের প্রতিভার জানান দিয়েছেন।
কলম্বোর দে লা সাল কলেজের সঙ্গে যুক্ত থাকার পর মাহানামা কলেজে পড়াশোনা করেন দিনুশা। স্কুল ক্রিকেটে তাঁর পারফরম্যান্সই খুলে দেয় শ্রীলঙ্কার বয়সভিত্তিক ক্রিকেটের দরজা। পরে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। অংশ নিয়েছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।
এরপর শ্রীলঙ্কা ‘এ’ ও ইমার্জিং দলের হয়ে নিজেকে আরও পরিণত করেন দিনুশা। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন কলম্বো ক্রিকেট ক্লাবসহ বিভিন্ন দলের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ১৩৩ উইকেটও।
শ্রীলঙ্কার হয়ে টেস্ট অভিষেক হয় ২০২৫ সালের জুনে বাংলাদেশের বিপক্ষে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা খুব বেশি পুরোনো না হলেও ভারতের বিপক্ষে এই সিরিজেই নিজেকে বড় মঞ্চে আলাদা করে চিনিয়েছেন দিনুশা।
চার ইনিংসে তিন সেঞ্চুরিসহ ৪২০
ভারতের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে দিনুশার রান ১০০, ৮৪, ১০৩ ও অপরাজিত ১৩৩। চার ইনিংসেই পঞ্চাশ বা তার বেশি রান করার কীর্তিতে তিনি ভারতের বিপক্ষে মাত্র দ্বিতীয় ব্যাটার। এর আগে এই কীর্তি ছিল শুধু জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০০ সালে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ফ্লাওয়ার করেছিলেন ১৮৩*, ৭০, ৫৫ ও ২৩২*।
শ্রীলঙ্কার হয়েও বিরল এক তালিকায় জায়গা করে নিয়েছেন দিনুশা। ভারতের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা শ্রীলঙ্কানদের তালিকায় তাঁর সঙ্গে আছেন কুমার সাঙ্গাকারা ও দিমুথ করুনারত্নে। একই সঙ্গে ভারতের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে শতক করা শ্রীলঙ্কান ব্যাটারদের তালিকাতেও ঢুকে গেছেন দিনুশা।
ভারতের জয় থামলো যেখানে
কলম্বো টেস্টের শেষ দিনে ভারতের সামনে ছিল সহজ সমীকরণ। ফলোঅনে পড়া শ্রীলঙ্কার শেষ চার উইকেট তুলে নিতে পারলেই ম্যাচ জিতে সিরিজ ২-০ করার সুযোগ ছিল গিলের দলের। কিন্তু দিনুশা ছিলেন অন্য পরিকল্পনায়। সপ্তম উইকেটে কেশারা নুয়ান্থার সঙ্গে ১১২ রানের জুটি গড়ে ভারতকে হতাশ করেন তিনি।
নুয়ান্থা ৪৬ রান করে ফিরে যাওয়ার পরও থামেননি দিনুশা। প্রবাত জয়াসুরিয়ার পর লাহিরু কুমারাকে নিয়ে গড়েন আরও একটি গুরুত্বপূর্ণ জুটি। এরপর আসিতা ফার্নান্দোকেও সঙ্গী করে লড়াই চালিয়ে যান। শ্রীলঙ্কার লিড ২১৬ রানে পৌঁছে গেলে হার এড়ানো নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ১৭ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেয় ভারত।
এমআই