Advertisement
Us Bangla Airlines
সিপিএলে দল পেলেন মেহেদী মিরাজ

সিপিএলে দল পেলেন মেহেদী মিরাজ

খেলা ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ২০:০৮

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় মোহাম্মদ নবী সিপিএল ছাড়লে তাঁর জায়গাতেই খেলবেন মিরাজ।

নবীর জায়গা পূরণ করতে দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হতে পারেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে গায়ানার হয়ে মিরাজ ঠিক কতটি ম্যাচ খেলবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

আগামী ১৩ আগস্ট থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে আফগানিস্তান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতে দলের সঙ্গে যোগ দিতে পারেন নবী। ফলে সিপিএলের গ্রুপ পর্বে গায়ানার কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।

নবীর অনুপস্থিতিতে সেই শূন্যতা পূরণেই মিরাজকে দলে নিয়েছে গায়ানা। চলতি আসরে দারুণ ছন্দে আছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে তারা। পয়েন্ট তালিকায় গায়ানার অবস্থান চতুর্থ, হাতে রয়েছে আরও সাতটি গ্রুপ ম্যাচ।

সিপিএলে অবশ্য এবারই প্রথমবার নয় মিরাজের। এর আগে ২০১৭ সালে তাঁকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সেই আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর।

এমআই