Advertisement
Us Bangla Airlines
এশিয়ান গেমসে দেশি কোচদের ওপর আস্থা বিসিবির

এশিয়ান গেমসে দেশি কোচদের ওপর আস্থা বিসিবির

খেলা ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬

এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের কোচিংয়ের পুরো দায়িত্বই থাকছে দেশি কোচদের কাঁধে। প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে থাকছেন তালহা জুবায়ের ও মোহাম্মদ আশিক। এ ছাড়া টিম ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল এবং ফিজিও হিসেবে দলের সঙ্গে যাবেন বায়েজেদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা।

২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলবে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় চলতি সেপ্টেম্বরে শুরু হবে এই ক্রিকেট প্রতিযোগিতা। আসরের সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর সহকারী হিসেবে থাকবেন তালহা জুবায়ের। ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন আশিক।

এশিয়ান গেমসের জন্য প্রায় জাতীয় দলের আদলেই স্কোয়াড সাজানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয় কিংবা লিটন দাসের যেকোনো একজনকে দেখা যেতে পারে। এ ছাড়া দলে থাকার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাকলাইন, সাইফ হাসান, পারভেজ ইমন, তানজিদ তামিম, রিশাদ হোসেন ও রিপন মন্ডলের।

এশিয়ান গেমসে কোচিং প্যানেল
প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন
সহকারী কোচ: তালহা জুবায়ের
ফিল্ডিং কোচ: মোহাম্মদ আশিক
টিম ম্যানেজার: নাফিস ইকবাল
ফিজিও: বায়েজেদুল ইসলাম

পুরুষ বিভাগে এবারের এশিয়ান গেমসে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। বাকি ছয় দলকে প্রথম ধাপ পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিতে হবে।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে লড়বে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর, চলবে ১ অক্টোবর পর্যন্ত। সোনা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে নামবে বাংলাদেশ। সেই মিশনে এবার দেশি কোচদের ওপরই আস্থা রাখছে বিসিবি।

এমআই