সাদা পোশাকে হৃদয়ের ব্যাটে আশার আলো
খেলা ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২
সাদা পোশাকে তাওহীদ হৃদয়কে নিয়ে সংশয় আছে, আছে প্রশ্নও। তবে ব্যাট হাতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার কাজটা ভালোভাবেই করছেন এই তরুণ। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলকে ফলোঅন এড়ানোর পথে রেখেছেন হৃদয়। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক।
টেস্ট ব্যাটারদের জন্য টেকনিকের গুরুত্ব অনেক। সেই জায়গায় হৃদয়কে এখনও পূর্ণ নম্বর দেওয়ার মতো ক্রিকেটার মনে করেন না অনেকে। তবে বিসিবি এই ব্যাটারের ওপর আস্থা রেখেই বিনিয়োগ বাড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল এক ইনিংস খেলে সেই আস্থার প্রতিদানই যেন দিলেন হৃদয়।
চারদিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে শোচনীয়ভাবে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের শুরুটাও হয়নি আশানুরূপ। কিন্তু এবার এক প্রান্ত আগলে রেখে দলের বিপর্যয় সামলেছেন হৃদয়। জাকের আলীকে সঙ্গে নিয়ে গড়েছেন শতরানের জুটি। এরপর নিজেও তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটের চতুর্থ সেঞ্চুরি।
হৃদয়ের ব্যাটে এখন ফলোঅন এড়ানোর পথে বাংলাদেশ ‘এ’ দল। জাকেরের সঙ্গে তাঁর জুটি আরও বড় হলে ম্যাচে হার এড়ানোর সম্ভাবনাও বাড়বে। চারদিনের ম্যাচের তৃতীয় দিন চলছে আজ। বর্তমান পরিস্থিতিতে ফলের চেয়ে ড্রয়ের সম্ভাবনাই বেশি। সেই লড়াইয়ের ভিত গড়ে দিয়েছেন হৃদয়।
সেঞ্চুরির পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন এই ব্যাটার। মাত্র একটি টেস্ট খেলা হৃদয়ের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যাটিং গড় ৪২। সাদা পোশাকে তাঁর অন্যতম শক্তির জায়গা স্পিন মোকাবিলা। পেসের তুলনায় স্পিন অনেক বেশি সাবলীলভাবে খেলেন তিনি, রানও বের করেন নিয়মিত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে সেটিরই প্রতিফলন দেখা গেছে। কখনো ক্রিজ ছেড়ে সামনে এসে, কখনো পেছনে সরে গিয়ে বলের পিচ বুঝে খেলেছেন হৃদয়। শট নির্বাচনে দেখিয়েছেন ধৈর্য ও নিয়ন্ত্রণ। লম্বা ইনিংসের জন্য যে মানসিক দৃঢ়তা প্রয়োজন, সেটিও ছিল তাঁর ব্যাটিংয়ে।
এই মুহূর্তে টেস্ট দলে হৃদয়ের জায়গা নিশ্চিত নয়। তবে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে তাঁকে প্রস্তুত করে রাখা যেতে পারে। হয়তো এই কারণেই সিরিজের মাঝপথে হৃদয়কে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক বানিয়ে আফ্রিকায় পাঠিয়েছে বিসিবি। ব্যাট হাতে হৃদয়ও যেন বিসিবির সম্মান অক্ষুণ্ণ রাখলেন।
এমআই