ফিক্সিংকাণ্ডে আরও ৩ জনকে নিষিদ্ধ করল বিসিবি
খেলা ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০০
বিপিএলের দ্বাদশ আসরে দুর্নীতির অভিযোগে তিনজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে বিসিবির সাবেক পরিচালকসহ রাজনৈতিক ব্যক্তিও রয়েছেন।
অভিযুক্ত তিনজন হলেন—বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মোখলেছুর রহমান শামীম, বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক কাউন্সিলর ও রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সানি।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিপিএলের ম্যাচের ফলাফল অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কাউকে প্রস্তাব বা প্ররোচনা দেওয়া, দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্তে সহযোগিতা না করা।
মুখলেসুর রহমানের বিরুদ্ধে আইসিসি অ্যান্টি-করাপশন কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ম্যাচ ফিক্সিং বা ম্যাচের কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা, কাউকে দুর্নীতিতে জড়ানোর জন্য প্ররোচিত বা সহায়তা করা, দুর্নীতির প্রস্তাবের তথ্য গোপন এবং তদন্তসংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

জাকির হোসেনের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে ম্যাচ বা ম্যাচের কোনো দিক প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে প্ররোচনা বা সহায়তা এবং বিসিবির অ্যান্টি-করাপশন কর্মকর্তার তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।
অন্যদিকে রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য যথাসময়ে না জানানো এবং তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
চলমান শাস্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে তারা ১৪ দিন সময় পাবেন। বিসিবি জানিয়েছে, এ পর্যায়ে এসব অভিযোগ ও চলমান প্রক্রিয়া নিয়ে তারা আর কোনো মন্তব্য করবে না। তবে ১৪ দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা।
এর আগে ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ, আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং সামিনুর রহমানসহ মোট ৫ জনকে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ করেছিল বিসিবি।
এমআই