২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়
খেলা ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৪
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে দ্বিতীয় চারদিনের ম্যাচে ২২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভেঙে দিয়েছেন ২৩ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড।
এর আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন শাহরিয়ার হোসেন। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে ২১৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হৃদয়।
শুধু রেকর্ড ভাঙাই নয়, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুইশ পেরোনো মাত্র দ্বিতীয় ব্যাটারও হলেন হৃদয়। তার ২২৫* এখন এই দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বাংলাদেশ ‘এ’ দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় হৃদয়ের পরেই আছেন শাহরিয়ার হোসেন।
এরপর ১৭৩ রান করে যৌথভাবে জায়গা করে নিয়েছেন জাভেদ ওমর বেলিম ও জাকির হাসান। ২০০৬ সালে ফতুল্লায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ করেছিলেন বেলিম। ২০২২ সালে কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে একই রান করেন জাকির হাসান।
এই তালিকার পঞ্চম স্থানে আছেন জাকের আলী। ২০২৪ সালে ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ১৭২ রান।
বাংলাদেশ ‘এ’ দলের ব্যক্তিগত সর্বোচ্চ
• তাওহীদ হৃদয় — ২১৯* বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’
• শাহরিয়ার হোসেন — ২১৮ বনাম ডিফেন্স হাউজিং
• জাভেদ ওমর বেলিম — ১৭৩ বনাম জিম্বাবুয়ে ‘এ’
• জাকির হাসান — ১৭৩ বনাম ভারত ‘এ’
• জাকের আলী — ১৭২ বনাম পাকিস্তান ‘এ’
এমআই