Advertisement
Us Bangla Airlines
আড়াই বছর পর দলে ফিরলেন দাসুন শানাকা

আড়াই বছর পর দলে ফিরলেন দাসুন শানাকা

খেলা ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪২

দীর্ঘ আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকা। ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি। সবশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ওয়ানডে খেলেছিলেন শানাকা। পাশাপাশি টি-টোয়েন্টি দলেও ফিরেছেন সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে শানাকার সঙ্গে দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন লেগস্পিনার সচিন্দু কলম্বাগে। অন্যদিকে ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সিরিজ জেতা দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার মিলান রত্নায়েকে ও প্রমোদ মাদুশান।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার মিডল অর্ডারে অভিজ্ঞতা যোগ করতেই শানাকাকে ফেরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৭১টি ওয়ানডে খেলেছেন। ব্যাট হাতে ওয়ানডেতে তার গড় ২২.৩৯।

ওয়ানডে দলে শানাকার ফেরার পাশাপাশি টি-টোয়েন্টি দলেও ফিরেছেন আসালাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকা এই ব্যাটার লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৩৮.৫০ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৫৩.৩৮।

টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন এলপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক লাহিরু উদারাও। টুর্নামেন্টে ৪৩৪ রান করা এই ব্যাটারের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে।

শানাকা-আসালাঙ্কাদের নিয়ে ইংল্যান্ড সফর শুরু হবে ১৫ সেপ্টেম্বর। প্রথমে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাউদাম্পটন, কার্ডিফ ও ম্যানচেস্টারে। এরপর ২২ সেপ্টেম্বর চেস্টার-লি-স্ট্রিটে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে হবে লিডস ও দ্য ওভালে।

এমআই