বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ইতিহাসগড়া ইনিংস
খেলা ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১
শূন্যে হাত ঘুরিয়ে বুনো উল্লাস। এরপর ব্যাটের মাথায় হেলমেট। এমন মুহূর্তের জন্যই তো এত অপেক্ষা। বাইশ গজে সেই অপেক্ষার কঠিন পরীক্ষা দিয়েছেন তাওহীদ হৃদয়। ধৈর্য, দৃঢ়তা আর আগ্রাসনের মিশেলে পচেফস্ট্রুমে গড়েছেন অবিশ্বাস্য এক ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ যখন একের পর এক উইকেট হারিয়ে চাপে, তখন দলের হয়ে দাঁড়িয়ে যান হৃদয়। স্বাগতিকদের পাহাড়সম রানের জবাব দিতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই বিপর্যয়ের পর ব্যাট হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেন হৃদয়।
শুরুটা করেছিলেন নিজের পরিচিত আগ্রাসী ভঙ্গিতে। তার ব্যাটে রান আসতে থাকায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রোটিয়াদের ফিল্ডিং। এরপর একে একে আসে ফিফটি, সেঞ্চুরি, দেড়শ, ডাবল সেঞ্চুরি, আড়াইশ। শেষ পর্যন্ত পৌঁছে যান তিনশর মাইলফলকেও।
এই পচেফস্ট্রুমেই ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন হৃদয়। সেই স্মৃতিময় মাঠেই এবার ব্যক্তিগত ক্যারিয়ারের অন্যতম সেরা কীর্তি গড়লেন তিনি। বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও হলেন হৃদয়।
এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন মাত্র দুজন। ২০০৭ সালে জাতীয় ক্রিকেট লিগে বরিশালের হয়ে ৩১৩ রান করেছিলেন রকিবুল হাসান। দীর্ঘদিন সেটিই ছিল দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে ২০২০ সালে অপরাজিত ৩৩৪ রান করেন তামিম ইকবাল। এবার রকিবুল ও তামিমের পাশে নিজের নাম লেখালেন হৃদয়। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পেলেন ট্রিপল সেঞ্চুরির স্বাদ।
টেস্ট দলে হৃদয়কে নেওয়া নিয়েও কম আলোচনা হয়নি। তার ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে অফস্টাম্পের বাইরের বল সামলানোর ক্ষেত্রে। কিন্তু সাদা বলের ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণ করা হৃদয় এবার সাদা পোশাকেও নিজেকে মেলে ধরার বার্তা দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে স্বেচ্ছায় আগ্রহ দেখিয়েছিলেন তিনি। পেয়েছিলেন নেতৃত্বের দায়িত্বও। সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার এমন এক ইনিংস উপহার দিলেন, যা শুধু রেকর্ডের পাতাতেই থাকবে না, টেস্ট ক্রিকেটের জন্য তার প্রস্তুতিরও বড় প্রমাণ হয়ে থাকবে।
সাদা পোশাকে সফল হতে নিখুঁত টেকনিক গুরুত্বপূর্ণ। সেই জায়গায় হৃদয়ের এখনও উন্নতির সুযোগ আছে। কিন্তু নিজের শক্তির জায়গার ওপর ভর করে কীভাবে দীর্ঘ সময় ব্যাটিং করতে হয়, তার বড় উদাহরণ হয়ে থাকল পচেফস্ট্রুমের এই ইনিংস। বিদেশের মাটিতে প্রায় ৫০০ বল খেলে ট্রিপল সেঞ্চুরি করা চাট্টিখানি কথা নয়।
এমআই