প্রধান কোচ হিসেবে অভিষেক হচ্ছে রাজ্জাকের
খেলা ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৬
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমে নতুন ভূমিকায় দেখা যাবে আব্দুর রাজ্জাককে। প্রথমবারের মতো জাতীয় লিগে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক এই তারকা স্পিনার। ২০২৬-২৭ মৌসুমে রাজশাহী বিভাগের প্রধান কোচ হিসেবে কাজ করবেন তিনি।
আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে এনসিএলের চার দিনের আসর। লাল বলের এই প্রতিযোগিতায় এবারও আট বিভাগ অংশ নেবে। ইতোমধ্যে প্রতিটি দলের প্রধান কোচ, সহকারী কোচ ও অন্যান্য কর্মকর্তার তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাজ্জাকের মতো সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এবারের কোচিং প্যানেল। রাজশাহীতে রাজ্জাকের সহকারী হিসেবে থাকছেন মো. রফিকুল ইসলাম।
খুলনা বিভাগের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তার সহকারী রাইহান উদ্দিন। ঢাকা বিভাগের প্রধান কোচ হিসেবে থাকছেন মো. মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ মো. রায়হান গাফফার সাইমন।
বরিশাল বিভাগের প্রধান কোচ আব্দুল করিম জুয়েল, সহকারী মো. শাহীন হোসেন। ময়মনসিংহের প্রধান কোচ মো. সাইফুল ইসলাম খান, সহকারী জাহাঙ্গীর আলম।
রংপুর বিভাগের প্রধান কোচ মো. নাজমুল হোসেন, সহকারী সালাউদ্দিন পাপ্পু। সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ আলম, সহকারী ইমরান আলি। চট্টগ্রাম বিভাগের প্রধান কোচ মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী তারেক আজিজ খান।