Advertisement
Us Bangla Airlines
এশিয়ান গেমসের দল ঘোষণা, টি-টোয়েন্টিতে ফিরলেন শান্ত

এশিয়ান গেমসের দল ঘোষণা, টি-টোয়েন্টিতে ফিরলেন শান্ত

খেলা ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪

এশিয়ান গেমসে সেরা দল নিয়েই যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের নিয়মিত ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে এশিয়ান গেমসের স্কোয়াড। দলে থাকছেন নাজমুল হোসেন শান্তও। নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে বড় পরিবর্তন এসেছে মূলত একটি জায়গায়। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছেন হাসান মাহমুদ। ফলে পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন ও হাসান মাহমুদের ওপরই থাকবে মূল দায়িত্ব।

স্পিন বিভাগেও থাকছে পরিচিত মুখ। রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। প্রয়োজনে বল হাতে অবদান রাখার জন্য দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও সাইফ হাসান।

ব্যাটিং লাইনআপেও থাকছে টি-টোয়েন্টির নিয়মিতদের আধিপত্য। ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গে থাকবেন সাইফ হাসান। এরপর তিন নম্বরে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে।

মিডল অর্ডারে শান্তর সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও মোসাদ্দেক। শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্বে থাকবেন ইয়াসির আলী চৌধুরী। অর্থাৎ পাওয়ার হিটিংয়ের বিকল্পও রাখা হয়েছে দলে।

তবে টপ এন্ড টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেও এশিয়ান গেমসের দলে জায়গা হয়নি সাকলাইনের। রহস্য স্পিনার আলিস আল ইসলাম কিংবা মোহাম্মদ রুবেল, কেউই জায়গা পাননি।

এশিয়ান গেমসে বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এমআই