ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি কোথায়, কত বাড়ল?
খেলা ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩
ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানোর দীর্ঘদিনের দাবি এবার পূরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বোর্ড। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন তামিম। ছয় মাসের কম ব্যবধানে সেটি আরও বাড়িয়ে করা হয়েছে দেড় লাখ টাকা। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকছে।
বিসিবির আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একদিনের সংস্করণে এত দিন ম্যাচ ফি হিসেবে ক্রিকেটাররা পেতেন ৫০ হাজার টাকা। নতুন সিদ্ধান্তে তা দ্বিগুণ হয়ে হয়েছে ১ লাখ টাকা। টি-টোয়েন্টিতেও ম্যাচ ফি বাড়িয়ে ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা করা হয়েছে।
বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের আয় কমে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তে সেটি কিছুটা কমবে বলে মনে করছে বিসিবি। বোর্ড আগেই জানিয়েছিল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন জোড়াতালির বিপিএল আয়োজন করবে না তারা। তবে বিপিএল না হলে ক্রিকেটারদের আয়ের একটি বড় উৎসও বন্ধ হয়ে যায়।
এ কারণে গত ১ সেপ্টেম্বর ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সেখানে জাতীয় লিগসহ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দুই দিন পর সেই প্রতিশ্রুতিই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তামিম।
ভবিষ্যতে ম্যাচ ফি আরও বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, দুই বছর পর বিষয়টি আবার পর্যালোচনা করা হবে। তখন বিসিবির আর্থিক অবস্থার উন্নতি হলে ম্যাচ ফি আরও বাড়ানো হতে পারে।
ম্যাচ ফি বাড়ানোর ফলে একজন ক্রিকেটার বছরে ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলেও জানিয়েছেন তামিম। তবে আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের কাছ থেকেও আরও বেশি পেশাদারত্ব চান তিনি।
এমআই