Advertisement
Us Bangla Airlines
৪১ নম্বর দলের বিপক্ষে খেলবে ভারত!

৪১ নম্বর দলের বিপক্ষে খেলবে ভারত!

খেলা ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫১

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এবার মাঠে নামার অপেক্ষায় র‍্যাঙ্কিংয়ের ৪১ নম্বর দল জাপান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশ। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টিতে লড়বে ভারত ও জাপান।

ম্যাচটি হবে সুজুকি কাপের জন্য। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ) ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) যৌথ বিবৃতিতে আজ ম্যাচটির বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে এই ম্যাচ। এর মধ্য দিয়ে শুরু হবে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের কার্যক্রম। দুই দেশের ক্রীড়া সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের জন্য ভারতের আগ্রহও রয়েছে এই উদ্যোগের পেছনে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়ার চোখে, জাপানের বিপক্ষে ম্যাচটি ক্রিকেটের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে। তিনি বলেন, “ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারতীয় দলকে নতুন একটি ভূখণ্ডে নিয়ে যাওয়ার পাশাপাশি জাপান ও পূর্ব এশিয়ার আরও বড় দর্শকের কাছে ক্রিকেটকে পরিচিত করার সুযোগ তৈরি হবে।”

সাইকিয়া আরও বলেন, “ভারত ও জাপানের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির উদযাপনে ক্রিকেটও অংশ হতে যাচ্ছে, এতে আমরা আনন্দিত।”

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে খেলা জাপান হবে ২০তম দল। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ৪১তম। চলতি মাসের শেষদিকে এশিয়ান গেমসের আয়োজকও তারা।

তবে এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যুতে হবে না ভারত-জাপান ম্যাচ। তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হলেও এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেটের ম্যাচ হবে নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে।

এমআই