Advertisement
Us Bangla Airlines
টানা দুই হ্যাটট্রিকে আলোচনায় ইংলিশ পেসার

টানা দুই হ্যাটট্রিকে আলোচনায় ইংলিশ পেসার

খেলা ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

একটি হ্যাটট্রিকের রেশ কাটতে না কাটতেই আরেকটি! প্রথম শ্রেণির ক্রিকেটে এমন কীর্তি যে কতটা বিরল, তার প্রমাণ মেলে ইতিহাসেই। সেই বিরল অর্জনের মালিক এখন সাসেক্সের তরুণ পেসার হেনরি ক্রোকোম্বে। মাত্র আট দিনের ব্যবধানে দুই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড এতদিন ছিল মাত্র ছয়জন বোলারের। ক্রোকোম্বে সেই তালিকায় সপ্তম নাম। অর্থাৎ দীর্ঘ প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি গড়তে পেরেছেন মাত্র সাতজন।

সমারসেটের বিপক্ষে আগের ম্যাচে শুরু হয়েছিল গল্পটা। ভেজা কন্ডিশনে টানা তিন বলে তিন ব্যাটারকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিক পান ক্রোকোম্বে। এরপর এসেক্সের বিপক্ষে ফিরেই যেন একই চিত্রনাট্য। সাইমন হার্মারকে এলবিডব্লিউ, জামান আখতারকে ইয়র্কারে বোল্ড এবং শেন স্নিটারকে ফিরিয়ে আবারও তিন বলে তিন উইকেট নেন তিনি।

ক্রোকোম্বের সেই স্পেলেই বড় ধাক্কা খায় এসেক্স। মাত্র ৫ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দলটি পড়ে যায় বিপাকে। টানা দুই ম্যাচে এমন বিধ্বংসী বোলিংয়ের পর স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের নির্বাচকদের নজরও এখন এই তরুণের দিকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের দলে জায়গা পেতে পারেন ক্রোকোম্বে। এর আগে জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও সাময়িকভাবে ডাক পেয়েছিলেন তিনি।

সাসেক্সের জন্যও ক্রোকোম্বের এমন ছন্দ বড় স্বস্তির। মাঠের ক্রিকেটে আর্থিক পেনাল্টির কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া দলটির বোলিং আক্রমণে এখন সবচেয়ে বড় আলোচনার নাম এই তরুণ পেসার। অন্যদিকে, ক্রোকোম্বের সামনে খুলে যাচ্ছে ইংল্যান্ডের জাতীয় দলের দরজাও।

এমআই