Advertisement
Us Bangla Airlines
আকবর কি একেবারেই বাদ, কী বলছে বিসিবি?

আকবর কি একেবারেই বাদ, কী বলছে বিসিবি?

খেলা ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০

জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের তালিকায় ছিলেন না আকবর আলী। অথচ গেল মাসে বাংলাদেশের ক্রিকেটে ছিল একের পর এক দল ও সিরিজের ব্যস্ততা। জাতীয় দল, এইচপি কিংবা বাংলাদেশ ‘এ’ দল, সব মিলিয়ে সাদা ও লাল বলের ক্রিকেটে সুযোগ পেয়েছেন ৫০ থেকে ৫৫ জন ক্রিকেটার। সেই তালিকায় জায়গা হয়নি আকবরের।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, তবে কি নির্বাচকদের পরিকল্পনা থেকে ছিটকে গেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক? বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথায় অবশ্য তেমন কোনো ইঙ্গিত নেই। তার মতে, আকবরকে বাদ দেওয়ার চেয়ে অন্যদের সুযোগ দিয়ে যাচাই করাটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

‘আকবর আলীকে নিয়ে কিন্তু কখনও বলিনি হিসাবের বাইরে চলে গেছে। এর আগে জিম্বাবুয়ে সিরিজে (এ দল) কিন্তু দলে ছিলেন। পারফর্ম করেছেন। আকবরের সামর্থ্য সম্পর্কে আমরা জানি। তাঁকে নিয়ে বেশি চিন্তা নেই। তিনি ইংল্যান্ডে খেলছেন, আমরা জানি,’ বলেন বাশার।

তাহলে আকবরকে কেন দেখা গেল না সাম্প্রতিক দলগুলোতে? এর উত্তরও দিয়েছেন প্রধান নির্বাচক। একই জায়গায় বারবার একই ক্রিকেটারকে না রেখে বিকল্পদের সুযোগ দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই বিষয়টিকে দেখছে নির্বাচক প্যানেল।

বাশারের ভাষায়, ‘তাঁর জায়গায় নতুন কাউকে সুযোগ দিয়ে দেখি, তিনি কেমন করছেন। অল্প সময়ের মধ্যে অনেকগুলো সফর হয়েছে। আকবর আমাদের চিন্তার বাইরে না। জিম্বাবুয়ে সিরিজে খেলেছেন। সামনেও খেলবেন। এমন না যে চিন্তার বাইরে চলে গেছেন।’

অর্থাৎ আকবরের জন্য জাতীয় দলের পথ বন্ধ হয়ে যায়নি। বরং প্রতিযোগিতাটা আরও বাড়িয়ে দেখছে বিসিবি। একদিকে ইংল্যান্ডে ক্রিকেট খেলছেন আকবর, অন্যদিকে দেশের মাটিতে তাঁর জায়গায় সুযোগ পাওয়া ক্রিকেটারদেরও পরখ করে নিচ্ছেন নির্বাচকরা।

আকবর তাই আপাতত বাদ নন, বরং অপেক্ষায়। নির্বাচকদের চোখে তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। এখন অন্যদের সুযোগ দিয়ে দেখার পালা। সেই পরীক্ষায় কে কতটা এগিয়ে থাকেন, সেটিই ঠিক করবে পরের দলে আকবরের ফেরার সময়।

এমআই