এনসিএল থেকে বাদ পড়ে নতুন সুখবর পাচ্ছেন সৈয়দ রাসেল
খেলা ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮
লাল বলের এনসিএলে এবার খুলনা বিভাগের কোচিং স্টাফে নেই সৈয়দ রাসেল। তবে ঘরোয়া ক্রিকেটের এই দায়িত্ব হারানোর পরই আসছে নতুন সুযোগ। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই পেসার।
বিসিবি সূত্রে জানা গেছে, এইচপির কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন রাসেল। জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকায় এইচপিতে সময় দিতে পারবেন না পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তাঁর জায়গাতেই রাসেলকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি।
একসময় বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম ছিলেন রাসেল। ওয়ানডেতে দুই পেসার নিয়ে একাদশ সাজানো হলে নিয়মিতই দেখা যেত তাঁর নাম। তবে ২০১০ সালের পর জাতীয় দলের ক্যারিয়ার আর সেভাবে এগোয়নি। এরপর ঘরোয়া ক্রিকেটেই নিজের পথচলা ধরে রাখেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মন দেন রাসেল। ডিপিএল, বিপিএল ও এনসিএলসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত কয়েক বছর খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এবার সেই অভিজ্ঞতা কাজে লাগানোর নতুন সুযোগ পাচ্ছেন তিনি। এইচপির পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলে তরুণ পেসারদের নিয়ে কাজ করবেন রাসেল। জাতীয় দলের ভবিষ্যৎ পেস আক্রমণ তৈরির প্রক্রিয়ায় তাঁর ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এইচপি দলের ক্যাম্প। সেখানে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটারকে ডাকা হতে পারে। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। খুলনার দায়িত্বে না থাকলেও তাই নতুন ঠিকানা পাচ্ছেন সৈয়দ রাসেল।
এমআই